শীত-বিষণ্নতার মুক্তি সানি গ্লাসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের তিনজন প্রকৌশলী সম্প্রতি বিশেষ একধরনের সানগ্লাস বা রোদ চশমা তৈরি করেছেন যা চোখের উইন্টার ব্লুজ বা শীতকালীন বিষণ্নতা জনিত অন্ধকারাচ্ছন্ন ভাব দূর করতে পারে। যাঁরা সিজন্যাল অ্যাফেক্টেড ডিসঅর্ডার (এসএডি), উইন্টার ব্লুজ বা শীত বিষণ্নতায় ভুগছেন তাঁদের জন্য এ সানগ্লাসটি কার্যকর হবে। এসএডি সমস্যার কারণে শীত-জড়তা পেয়ে বসে। কাজকর্মে উত্সাহ থাকে না, শরীর অবসন্ন ও ক্লান্ত দেখায়। চোখ মেলতে ইচ্ছা করে না। বসে বসে খেয়ে এক পর্যায়ে শরীর ভারি হয়ে যায়। এ ধরনের বিষণ্নতা শীতে শুরু হয়ে গ্রীষ্মের শুরু পর্যন্ত চলতে থাকে। গবেষকেদের ধারণা, সূর্যের আলো কমে যাওয়ার কারণে এসএডি সমস্যা হয়। উজ্জ্বল আলোর নীচে দিনের একটি নির্দিষ্ট সময় কাটালে এ ধরনের বিষণ্নতা থেকে মুক্তি মিলতে পারে। এসএডি সমস্যা থেকে মুক্তি পেতে প্রকৌশলীরা যে রোদ চশমাটি উদ্ভাবন করেছেন সে চশমাটির নাম ‘সানি গ্লাস’। নির্মাতাদের দাবি, সানি গ্লাস ব্যবহারে উজ্জ্বল সাদা আলো চোখের ওপর পড়ে। প্রতিদিন ৩০ মিনিট ধরে এ চশমা পরলে উইন্টার ব্লুজ থেকে মুক্তি পাওয়া যাবে। এ রোদ চশমা রোদবিহীন অন্ধকারাচ্ছন্ন দিনেও চোখে উজ্জ্বল আলো ফেলতে পারে। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, সানি গ্লাস তৈরিতে প্রকৌশলীরা লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করেছেন, যা শক্তিশালী লাইট ফিল্ড তৈরি করে এবং বাঁকানো একটি প্রতিফলকের সাহায্যে চোখের ওপর প্রতিফলন তৈরি করে।নির্মাতাদের দাবি, ৫৪ পাউন্ড দামের এ চশমা সকালে ৩০ মিনিটের জন্য পরলে তা চোখের জন্য অনেক উপকারী হবে এবং দিনভর মেজাজ ভালো রাখবে।