শীতল নয়, উষ্ণও নয়
আদি যুগের অতিকায় প্রাণী ডাইনোসরের রক্ত এখনকার সরীসৃপ প্রজাতিগুলোর রক্তের মতো শীতল ছিল না, আবার স্তন্যপায়ী বা পাখিকুলের রক্তের মতো উষ্ণও ছিল না৷ ডাইনোসরের রক্তের তাপমাত্রা ছিল এই দুইয়ের মাঝামাঝি৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷ নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী জন গ্র্যান্ডির নেতৃত্বে একদল গবেষক ডাইনোসরের রক্তের তাপমাত্রা নিয়ে অনুসন্ধান চালান৷ তাঁরা মোট ৪০০ ধরনের প্রাণীর নমুনা নিয়ে কাজ করেন৷ এসবের মধ্যে ছিল ডাইনোসরসহ বিভিন্ন বিলুপ্ত প্রাণীর জীবাশ্ম (ফসিল) এবং এখনো টিকে থাকা বিভিন্ন প্রাণীর নমুনা৷ তাঁদের গবেষণা প্রতিবেদনটি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে৷ গবেষকেরা বিভিন্ন প্রাণীর শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং রক্তের তাপমাত্রা পরিবর্তনের ব্যাপারটি খতিয়ে দেখেন, ডাইনোসরের রক্তের তাপমাত্রা ছিল শীতল ও উষ্ণ রক্তের মাঝামাঝি পর্যায়ের৷ এএফপি৷