শীতলক্ষ্যার বুকে নকিয়া এন৮ প্রদর্শনী
শীতলক্ষ্যার বুকে সম্প্রতি হয়ে গেল নকিয়া এন৮ মডেলের প্রদর্শন। ৪ নভেম্বর সারা দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সময় কাটিয়েছেন নকিয়ার কর্মকর্তারা। নতুন সিমবিয়ান সফটওয়্যারযুক্ত ও দ্রুতগতিসম্পন্ন স্মার্টফোন প্ল্যাটফর্ম নিয়ে আসছে নকিয়া এন৮ মডেল। নকিয়া এন৮ মডেল সিমবিয়ান৩ অপারেটিং সিস্টেমে চলে। ফলে এটি মাল্টিটাচ স্ক্রিন। পর্দার মাপ হলো ৩.৫ ইঞ্চি। এ ছাড়া এর ইন্টারনাল মেমোরি হলো ১৬.৫ গিগাবাইট। ভিন্নমাত্রা যোগ করা হয়েছে ক্যামেরাতেও। নকিয়ার এন৮ মডেলের ক্যামেরার বৈশিষ্ট্যগুলো ডিজিটাল ক্যামেরায় পাওয়া যাবে। যেমন: এই মডেলে আছে কার্ল জিস অপটিকসসহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা, জেনন ফ্লাশ ও সুদীর্ঘ সেন্সর। আর ভিডিও তো থাকছেই। ভিডিও মান হলো এইচডি। তিন ঘণ্টা ২০ মিনিট ভিডিও করা যাবে। নকিয়া এন৮-এ ভিডিও সম্পাদনারও সুবিধা আছে। সামাজিক যোগাযোগে নকিয়া এন৮ দিচ্ছে বাড়তি সুবিধা। গ্রাহকেরা হোম স্ক্রিনের মাধ্যমে সিঙ্গেল অ্যাপলিকেশন দিয়ে নিজেদের স্ট্যাটাস আপগ্রেড, লোকেশন ও ফটোশেয়ার এবং সরাসরি ফেসবুক ও টুইটার ব্যবহার করতে পারবেন। এতে সামাজিক যোগাযোগের ক্যালেন্ডারকে ইভেন্টস ডিভাইস ক্যালেন্ডারে পরিবর্তন করে নেওয়া যাবে।দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গ্রাফিক্স-সমৃদ্ধ নকিয়া এন৮ দ্রুতগতিসম্পন্ন এবং সহজবোধ্যতার কারণে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সারা বিশ্বে। নকিয়া আশা করছে, বাংলাদেশেও একইভাবে এই মডেলটি জনপ্রিয়তা পেয়ে যাবে। নকিয়ার এন৮-এর দাম হবে ৩৭ হাজার ৫০০ টাকা। —শেরিফ আল সায়ার