শীর্ষ দশে বাংলাদেশি নির্মাতার তৈরি নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসের (www.wordpress.org) শীর্ষ ১০ নকশার (থিম) মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশি নির্মাতার তৈরি থিম। সম্প্রতি প্রকাশিত তালিকায় বাংলাদেশি নির্মাতা ডি ফাইভ ক্রিয়েশনের প্রধান নির্বাহী এস এম সাইফ রহমানের তৈরি সিমপ্লিফাই নকশা অষ্টম স্থানে রয়েছে। ডি ফাইভ ক্রিয়েশন নামেই থিম তৈরি করে প্রকাশ করেন তিনি। বিনা মূল্যে পাওয়া থিমটি গতকাল সোমবার পর্যন্ত ১১ হাজার ৭০৯ বার নামানো হয়েছে (ডাউনলোড)। ওয়ার্ডপ্রেসের সর্বাপেক্ষা জনপ্রিয় থিমের প্রথম ১০টির তালিকা পাওয়া যাবে http://wordpress.org/extend/themes/browse/popular ঠিকানায়। প্রতি সপ্তাহে সেরা নকশার তালিকায় করা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। জনপ্রিয়তার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের থিমগুলো তালিকায় স্থান পায়। এস এম সাইফ রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ডপ্রেসের সেরা থিমের তালিকায় গত বছর প্রথমবারের মতো আমাদের তৈরি ডি ফাইভ ডিজাইন নামের একটি থিম সেরা দশে স্থান পায়। পরে বেশ কয়েকবারই এ তালিকায় জায়গা করে নিয়েছে ডি ফাইভ ক্রিয়েশনের তৈরি থিম।’ ওয়ার্ডপ্রেসে ডি ফাইভ ক্রিয়েশনের তৈরি করা বর্তমান থিমের সংখ্যা ৯; যা কোনো একক নির্মাতার করা সর্বোচ্চ সংখ্যক থিমগুলোর তালিকায় আছে বলেও জানান তিনি। থিমটি বিনা মূল্যে নামানো যাবে http://wordpress.org/extend/themes/simplify ঠিকানার ওয়েবসাইট থেকে। —নুরুন্নবী চৌধুরী