শীর্ষ দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ পারভেজ ও মঞ্জিলুর রহমান যৌথভাবে প্রথম হয়েছেন জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগে
মাসুদ পারভেজ ও মঞ্জিলুর রহমান যৌথভাবে প্রথম হয়েছেন জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগে

একই রকম ভাবনা, একাডেমিক কিংবা পেশাগত লক্ষ্যও ছিল এক রকম। একসঙ্গে একই বিভাগে পড়া, একই সঙ্গে নেওয়া হতো পরীক্ষার প্রস্তুতি। কখনো কেউ প্রথম, অন্যজন দ্বিতীয় হতেন। কখনো প্রথম ও দ্বিতীয় স্থানে ঘটত পারস্পরিক অদল-বদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের দশম ব্যাচের দুই মেধাবী মুখ মাসুদ পারভেজ ও মঞ্জিলুর রহমানের অনার্সের শেষটাও মিলেছে একই বিন্দুতে। চার বছরের অনার্স শেষে নিজেদের বিভাগে এখন পর্যন্ত রেকর্ড সিজিপিএ-৩.৯৮ পেয়েছেন দুই বন্ধুই। একই সঙ্গে দাঁড়িয়েছেন সাফল্যের শিখরে। ছাত্রজীবনের শুরু থেকেই গতানুগতিক পড়ালেখার বাইরে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে, এমন কিছু করতে চেয়েছিলেন দুজনই। মাসুদ পারভেজের ভালো লাগত জীববিজ্ঞান, তাই প্রথম পছন্দ হিসেবে জিন প্রকৌশলকেই বেছে নিয়েছিলেন। ভালো ফলের জন্য বাড়তি কী করতে হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন শুধু পড়ালেখার অভ্যাসটা ঠিক রাখার কথা। ‘আমরা আড্ডা দিয়েছি, প্রচুর অবসর কাটিয়েছি, অন্য সবকিছুও করেছি। কিন্তু পড়ালেখাটা শুধু নিয়মিত করেছি। যখন যে পরীক্ষা দিয়েছি, তার জন্য ঠিকঠাক প্রস্তুতি নিয়েছি। তাই কখনোই পড়াটা চাপ মনে হয়নি। পড়ার অভ্যাসটা ধরে রাখলেই ভালো করার জন্য এর বেশি কিছু করতে হয় না।’
পরীক্ষার আগের রাতে বেশির ভাগই একসঙ্গে হলে থাকতেন দুই বন্ধু। তখন পড়ার ফাঁকে নিজেদের মধ্যে পড়ার বিষয় নিয়ে আলোচনা করতেন। যা ছিল পরীক্ষার একরকম বাড়তি প্রস্তুতি। বিজ্ঞানীদের জীবনী ও জীবনাচরণ ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করত মঞ্জিলুর রহমানকে। স্কুলে থাকতেই বইয়ে পড়া বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিজেই নিজেই করে দেখতে ভালোবাসতেন। অসাধারণ এই ফলাফলের পর তাই জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি নিয়ে উচ্চতর গবেষণার দিকেই চোখ তাঁর। তবে দেশেই জিন প্রকৌশল নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ আরও বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, ‘আমাদের দেশে বায়োটেকনোলজি নিয়ে নতুন কিছু করার মতো উদ্যোক্তা নেই, তা নয়। একটু পারিপার্শ্বিক সহযোগিতা ও সমষ্টিগত উদ্যোগ হলেই বায়োটেকনোলজি নিয়ে গবেষণায় আমরা যেতে পারি অনেক দূর।’ আপাতত দুজনই মাস্টার্সের পর উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য দেশের বাইরে যেতে চান। এর পাশাপাশি উদ্যোক্তা হওয়ার ইচ্ছাও লালন করেন দুজনেই। নিজেদের উদ্যোগেই কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে দুজন মিলে গবেষণা করা ও রিসার্চ পেপার প্রকাশের ইচ্ছা আছে তাঁদের। দুজনেই স্বপ্ন দেখেন বাংলাদেশকে বায়োটেকনোলজিতে সবচেয়ে উন্নত দেশগুলোর একটি হিসেবে গড়ে তোলার।