শীর্ষ দুটি স্থান বুয়েটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রোগ্রামারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৭-এর ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘বুয়েট ড্রাক্যারিস’। ১১টি সমস্যার মধ্যে ১০টির সমাধান দিয়েছেন তাঁরা। এ দলের তিনজন সদস্য হলেন তন্ময় মল্লিক, মো. রিয়াজুল ইসলাম ও নাজমুর রশীদ।

ঢাকা পর্বে প্রথম রানার্সআপ হয়েছে বুয়েটেরই আরেক দল ‘নেভার মাইন্ড’। এই দলটিও ১০টি সমস্যার সমাধান করতে পেরেছেন। নেভার মাইন্ডের সদস্যরা হলেন আবদুল্লাহ আল মুনিম, রিপন রায় ও মাহাতির আহমেদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট টিম এক্স’ দ্বিতীয় রানার্সআপ হয়েছে। মওদুদ আহমেদ খান শাহরিয়ার, মো. কাজী নাইম ও মো. নাজিম উদ্দিন এই দলের সদস্য। তাঁরা নয়টি সমস্যার সমাধান দিতে পেরেছেন।

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) গত শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ওই দিনই প্রতিযোগিতার মহড়া হয়েছে। গতকাল শনিবার সকালে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘পৃথিবীর সব কাজেই এখন প্রোগ্রামিং প্রয়োজন। তাই প্রোগ্রামিংয়ে আমাদের ছেলেমেয়েদের ভালো করতে হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা করবে।’

অনুষ্ঠানের সভাপতি ইউএপির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘২০ বছর আগে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য যে প্রস্তাব আমরা রেখেছিলাম, সেসবের বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে আরও এগিয়ে যেতে হবে।’

এসিএম-আইসিপিসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া অঞ্চলের পরিচালক সি জে হুয়াং। ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরীসহ অনেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এসিএম-আইসিপিসি ঢাকা পর্বের আয়োজক ইউএপি। আয়োজনে সহযোগিতা করেছে আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল), বিকাশ, অগমেডিক্স, লিড সফট, দোহাটেক, এসইএল, বিডি ফাইন্যান্স ও কোড মার্শাল।

ঢাকার এই প্রতিযোগিতায় বিজয়ী দুটি কিংবা তিনটি দল আগামী বছরের এপ্রিল মাসে চীনে অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস) অংশ নিতে পারবে বলে আশা করছেন আয়োজকেরা। ১৫০ টি দল ঢাকা পর্বের মূল পর্বে অংশ নেয়। প্রতি দলে ছিল তিনজন করে প্রতিযোগী।

ঢাকা পর্বের পূর্ণ ফলাফল দেখুন: (https://algo.codemarshal.org/contests/icpc-dhaka-17/standings)

এস এম নজিবুল্লাহ চৌধুরী