শীর্ষ স্মার্টফোন নির্মাতা দেশ চীন
বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি হয় চীনে। ২০১২ সালে দেশটি থেকে ২০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।২০১২ সালে চীন থেকে মোট ২২ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে যার কারণে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা দেশ এখন চীন। স্মার্টফোন ব্যবহারকারী ও তথ্যপ্রযুক্তির সুবিধা ভোগকারী দেশ হিসেবে চীন ক্রমশ ওপরে উঠে আসছে।চীনের টেলি-যোগাযোগ গবেষকেরা জানিয়েছেন, ২০১২ সালের শেষ নাগাদ অ্যাপলের প্ল্যাটফর্মের জন্য সাত লাখ ৩০ হাজারের বেশি চীনা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে।বেইজিংভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যানালাইসিস ইন্টারন্যাশনালের গবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, ২০১৫ সাল নাগাদ চীনের স্মার্টফোন বাজার প্রায় ৭০০ কোটি ডলার ছুঁতে পারে। চীনে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ১৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৪২ কোটিরও বেশি মানুষ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। দেশটিতে মোট ৫৬ কোটি মানুষের ইন্টারনেট সুবিধা রয়েছে। বর্তমানে চীনের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি।