শীর্ষ ১০ অ্যাপসের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর শীর্ষ ১০ মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) চূড়ান্ত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রতিযোগিতার ওয়েবসাইটে নির্বাচিত ১০টি অ্যাপের নাম প্রকাশ করা হয়েছে। এ ১০টি অ্যাপের সঙ্গে আছে একটি ফেসবুক গেমও। এর আগে শনিবার তৃতীয় পর্যায়ে ১৫টি অ্যাপের বিচারকাজ সম্পন্ন হয়।
নির্বাচিত শীর্ষ ১০টি অ্যাপস হলো স্মার্ট এলসিসি (দলের নাম: আইআইটি কিটক্যাটস), সহজ সঞ্চয় (ডিইউ ড্রিমারস), ড্র্যাগ অ্যান্ড ড্রপ (লাটিম এক্স), পিঠাপুলি (ইএসপিএম), খেলতে খেলতে শেখা (নাইট কোডার), লুডু (লেজি কোডারস), সিক্রেট ট্রেজার (ওমলেট), মা ও শিশু ( অ্যান্ড্রু ব্যাবনস), হজ উইজার্ড (টিম পিওরিটি) এবং ফায়ার ফাইটার (রিটার্ন ওয়ান)। কৃষি, ব্যবসা, শিক্ষা, খাদ্য ও পানীয়, গেমস, স্বাস্থ্য, জীবনযাপন এবং অন্যান্য বিভাগ থেকে অ্যাপসগুলো নির্বাচিত হয়েছে। এ ছাড়া ফেসবুক গেম বিভাগে ফ্যাটবয়েজ দলের ফিল কার্ট চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে।
১৮ মার্চ থেকে শীর্ষ ১০টি অ্যাপের ওপর অনলাইন ভোট চলবে। www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়ে সেই অ্যাপের মধ্যে ভোট দিতে হবে। অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সেরা ১০ অ্যাপের অবস্থান। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী অ্যাপ নির্মাতা দলগুলো পুরস্কার হিসেবে পাবে যথাক্রমে ১০, পাঁচ ও দুই লাখ টাকা। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলোর সদস্যরা পাবেন একটি করে স্মার্টফোন। ২৯ মার্চ চূড়ান্ত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
দেশের তরুণ তথ্যপ্রযুক্তিবিদ ও ভবিষ্যতের উদ্যোক্তাদের উৎসাহিত করতে গত বছরের জুলাই মাস থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয় এই প্রতিযোগিতা। প্রাথমিক পর্যায়ে জমা পড়ে ৮০৫টি অ্যাপের ধারণাপত্র। এরপর পর্যায়ক্রমে গ্রুমিং অধিবেশন ও বিচারকমণ্ডলীর সামনে অ্যাপস উপস্থাপনা চলতে থাকে। বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত প্রথম আলোকে বলেন, ১১টি অ্যাপস নিয়ে সব শেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে ৭ মার্চ এবং অনলাইন ভোট দেওয়া যাবে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত।
এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতার কৌশলগত অংশীদার হিসেবে আছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। এ ছাড়া এক্সক্লুসিভ টেলিকম পার্টনার রবি, পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক লিমিটেড, সংবাদমাধ্যম অংশীদার চ্যানেল আই, রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও।
—মো. রাফাত জামিল