শীর্ষে অ্যান্ড্রয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা ধরে রেখেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এপ্রিল থেকে মে এই তিন মাসে সবচেয়ে বেশি বিক্রির তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

বাজার বিশ্লেষক কানটার ওয়ার্ল্ডপ্যানেলের প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় অ্যান্ড্রয়েড শীর্ষস্থান ধরে রাখলেও ধীরে ধীরে অ্যাপলের আইওএস দূরত্ব কমিয়ে আনছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

বাজার গবেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এপ্রিল থেকে মে এই তিন মাসে সাড়ে তিন শতাংশ আইফোন বিক্রি বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৪১ দশমিক নয় শতাংশ আইফোনের দখলে। অ্যান্ড্রয়েডের দখলে রয়েছে বাজারের ৫২ শতাংশ।

কানটার ওয়ার্ল্ডপ্যানেলের বিশ্লেষক ডমিনিক সানেবো এ প্রসঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মুঠোফোন সেবাদাতা টি-মোবাইলের সঙ্গে অ্যাপলের চুক্তির ফলে বিক্রি বেড়েছে আইফোনের। টি-মোবাইল থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ৫।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে তৃতীয় স্থানে রয়েছে উইন্ডোজ ফোন। বাজারের চার দশমিক ছয় শতাংশ বর্তমানে উইন্ডোজ ফোনের দখলে। ২০১২ সালের তুলনায় এক শতাংশ বাজার বেড়েছে উইন্ডোজ ফোনের। তবে চলতি বছরের এপ্রিল মাসের পর থেকে উইন্ডোজ ফোন বিক্রি কিছুটা কমে গেছে বলেই জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।