শীর্ষে অ্যান্ড্রয়েড ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট আইপ্যাডকে খুব শিগগির পেছনে ফেলে শীর্ষে আসছে অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট। সম্প্রতি বাজার গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। আর শীর্ষস্থানটি চলতি বছরেই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের হাতে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষে বিক্রির দিক দিয়ে আইপ্যাডকে ছাড়িয়ে যাবে অ্যান্ড্রয়েড-চালিত ছোট ট্যাবলেটগুলো। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে, বর্তমানে আইপ্যাড অন্যান্য সময়ের তুলনায় অনেক কম বিক্রি হচ্ছে। প্রথমবারের মতো বিক্রির হার কমে ৫০ শতাংশের নিচে চলে এসেছে। আর এ স্থান দখল করছে অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেটগুলো। এ ছাড়া চলতি বছরের শেষের দিকে আইপ্যাড বিক্রি ৪৬ শতাংশের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। আর একই সময়ে গুগলের অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেটগুলো ৪৯ শতাংশ বাজার দখল করে নেবে।চলতি বছর হবে ট্যাবলেটের—এমন তথ্য জানিয়ে আইডিসির গবেষক জিতেশ উবরানি জানান, ২০১৩ সালে ১৯ কোটিরও বেশি ট্যাবলেট বিক্রি হতে পারে। তবে এর মধ্যে শুধু আইপ্যাডই নয়, রয়েছে আসুসের নেক্সাস ৭, আমাজনের কিন্ডল ট্যাবলেট, আইপ্যাড মিনি, উইন্ডোজ-চালিত ট্যাবলেট। সব মিলিয়ে ট্যাবলেটের অ্যাপল শীর্ষত্ব হারাবে বলেই ধারণা করা হচ্ছে। ট্যাবলেটের ক্ষেত্রে বর্তমানে আধুনিক সুবিধা, উন্নত বৈশিষ্ট্যের পাশাপাশি দামের ব্যাপারেও ভাবছেন ক্রেতারা। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম