
চলতি বছরের বিশ্বসেরা ১০০ ব্র্যান্ডের তালিকার শীর্ষে আছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। দ্বিতীয় স্থানে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল এবং তৃতীয় স্থানে রয়েছে কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)৷ সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন এ তালিকা প্রকাশ করে৷ তালিকায় গতবারের সেরা ব্র্যান্ড অ্যাপলকে টপকে এবার শীর্ষে জায়গা করে নিয়েছে গুগল৷ বিভিন্ন ব্র্যান্ড নিয়ে করা এ তালিকায় শীর্ষ দশের মধ্যে ছয়টিই তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান৷ তালিকা অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট, অষ্টম স্থানে আছে টেলিযোগাযোগ সেবাদাতা এটিঅ্যান্ডটি এবং দশম স্থানে আছে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন ডট কম৷
মিলওয়ার্ড ব্রাউনের মতে, চলতি বছর গুগল গ্লাসের মতো নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনায় এগিয়ে আছে গুগল৷ গত বছরের তুলনায় চলতি বছর গুগলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৪০ শতাংশ৷ অন্যদিকে অ্যাপল ও আইবিএমের ব্র্যান্ড ভ্যালু কমেছে যথাক্রমে ২০ ও ৪ শতাংশ৷ সেরা দশের মধ্যে মাইক্রোসফটের ২৯ শতাংশ, এটিঅ্যান্ডটি ৩ শতাংশ এবং আমাজন ডট কমের ৪১ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বেড়েছে৷
মিলওয়ার্ড ব্রাউনের গ্লোবাল ব্র্যান্ড বিভাগের পরিচালক পিটার ওয়ালস জানান, ‘ডিজিটাল সেবা দেওয়া ব্র্যান্ড গুগল, ফেসবুক, টুইটার, লিংকড-ইন ইত্যাদি এখন আমাদের প্রাত্যহিক জীবনেরই একটি অংশ৷ তাই এ তালিকায় এগিয়ে আছে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো৷’ সেরা তালিকার ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের৷ এর মধ্যে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক ২১, ইয়াহু ৬৯, টুইটার ৭১, ইন্টেল ৮৬তম স্থানে রয়েছে৷ মিলওয়ার্ড ব্রাউন জানিয়েছে, ব্র্যান্ড মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সামর্থ্য, গতিশীলতা ও গ্রাহকদের মধ্যে ওই ব্র্যান্ডের গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনা করে এ তালিকা করা হয়েছে৷ পূর্ণাঙ্গ তালিকা: http://bit.ly/1mVRLAT।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী