
মেডিকেল শিক্ষার্থীরা কেবল মানুষের রোগ-ব্যাধি নিয়েই ভাবেন না, মানুষের চেতনার উৎসব ও অনুশীলন নিয়েও ভাবেন তাঁরা। এই তো বিদায়ী মার্চ মাসের ২৯ তারিখে একদল হবু চিকিৎসক মুখোমুখি হয়েছিলেন আন্তমেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতায়। এনডিএফবিডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটি (সিএমসিডিসি) যৌথভাবে আয়োজন করেছিল এই প্রতিযোগিতার। এ প্রতিযোগিতার স্পন্সর ছিল এসকেএফ।
ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ চেতনার উৎসবে নয়, চেতনার অনুশীলনে বিশ্বাস করে’। চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বিতর্ক দল-২ কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ঢাকা মেডিকেল কলেজ।
চূড়ান্ত পর্বে আসতে ঢাকা মেডিকেল কলেজকে পেরিয়ে আসতে হয়েছে আরও চারটি পর্ব। প্রথম পর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ দল-২, দ্বিতীয় পর্বে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, কোয়ার্টার ফাইনালে ময়মনসিংহ মেডিকেল কলেজ দল-১ ও সেমিফাইনালে শেরেবাংলা মেডিকেল কলেজ দলকে পরাজিত করেছে তারা। এ প্রতিযোগিতায় রানারআপ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিতর্ক দল-২।
চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ দলের সদস্যরা হনে রনক মেহেদী, রাইসুল আরাফাত ও জাহিদ হাসান। রানার আপ চট্টগ্রাম মেডিকেল কলেজ দলের সদস্যরা হলেন ইশরাত শেরিন আজাদ, জাহান-ই নূর ও রাফায়েত হোসেন চৌধুরী। চট্টগ্রাম থেকে চ্যাম্পিয়ন মুকুট মাথায় নিয়ে ঢাকায় ফিরলে কথা হয় বিজয়ী দলের তিন বিতার্কিকের সঙ্গে। ‘সত্যি কথা বলতে কি, পড়াশোনার চাপের কারণে আমাদের খুব বেশি বিতর্ক চর্চার সুযোগ হয়ে ওঠে না। তার পরও আমাদের এই দলটি সব চাপ কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জনের সুবাদে শুধু আন্তমেডিকেলই নয়, আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা ভালো বিতার্কিক হিসেবে পরিচিত হয়ে উঠছি।’ বলছিলেন দলটির দলনেতা রনক মেহেদী।

তাঁর কথার ফাঁকে এবার আলোচনার হাল ধরেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘মেডিকেল কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের পাঠ্যবইয়ের বাইরে কোনো জীবন নেই—এই বদ্ধমূল ধারণা গুঁড়িয়ে দিয়েছি। আমরা প্রমাণ করেছি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, ইতিহাস ইত্যাদি সবক্ষেত্রেই আমাদের জ্ঞানের বিচরণ রয়েছে।’
একটানা কথা বলে একটু থামতেই কথা শুরু করেন এই দলের অরেক বিতার্কিক রাইসুল আরাফাত। তিনি বলেন, ‘আন্তমেডিকেল বিতর্ক প্রতিযোগিতায় এবারই ছিল আমার প্রথম অংশগ্রহণ। তাই আমার উত্তেজনা একটু বেশিই ছিল। আমরা পরিকল্পনা করেছিলাম, রাউন্ড বাই রাউন্ড ভালো করার। আর সেটা করতে করতে একসময় ফাইনালে চলে গেলাম। বলার অপেক্ষা রাখে না, ফাইনালে স্বাগতিক দলের বিপক্ষে জয় পেয়ে ভালো লাগার মাত্রা আরও বেড়ে গেছে বহুগুণ।’
কথায় কথায় সময় গড়ায়। তিন বিতার্কিক বলতে থাকেন বিতর্ককে ঘিরে তাঁদের স্বপ্নের কথা। ‘ভবিষ্যতে পেশা হিসেবে চিকিৎসাকেই বেছে নেব নিশ্চয়; তবে বিতর্ককে নির্বাসন দেব না জীবন থেকে। যে অবস্থানেই থাকি না কেন, কাজ করে যাব বিতর্কের জন্য।’ তিন হবু চিকিৎসকের কণ্ঠে এক সুর।
উৎসবের আয়োজন নিয়ে এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, ‘আমরা নিয়মিতভাবে জাতীয় আন্তমেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে চলেছি। সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আমরা এই আয়োজন অব্যাহত রাখতে চাই।’