চলছে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। তথ্যকেন্দ্রে এসে নিবন্ধন করছে প্রত্যেক দলের প্রতিনিধিরা। প্রতিযোগিতার শীর্ষে যাওয়ার লক্ষ্যে কনসেপ্ট তৈরিতে ব্যস্ত সবাই। এমন আয়োজন দেখা গেল গতকাল সোমবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ক্যাম্পাসে। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর ক্যাম্পাস কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী কাজী রকিব আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষকদের সহযোগিতায় আশা করছি, আমরা প্রতিযোগিতার সেরা দশে থাকব।’
দুপুরে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী নিজামুদ্দীন আহম্মেদ, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন, এনএসইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলাইড সায়েন্স বিভাগের ডিন মিফতাহুর রহমান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ পাতিল ও নোভা আহম্মেদ। সেমিনারে মোবাইল অ্যাপ্লিকেশনের উপযোগিতা এবং মোবাইল ব্যবহারের নানা বিষয় তুলে ধরা হয়।সেমিনারের শেষে গতবারের অ্যাপস বিজয়ী এনএসইউর শিক্ষার্থী এনাম আহম্মেদ তাঁর অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা বলেন। প্রতিযোগিতায় কনসেপ্ট নোট জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩। বিস্তারিত: www.eatlapps.com। —মো. রাফাত জামিল