শীর্ষে হোয়াটস অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপ
অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপ

বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে এসএমএস, ছবি, ভিডিও এবং অডিও ফাইল আদান-প্রদানের সুবিধা দিয়ে শীর্ষে আছে অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপ (www.whatsapp.com)। সম্প্রতি বিনা মূল্যের অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। শুধু গত চার মাসেই প্রায় ১০ কোটি ব্যবহারকারী বেড়েছে বলে দাবি হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের। আর এ সংখ্যা শুধু নিবন্ধনেই যে সীমাবদ্ধ তা নয়, বরং নিয়মিত ব্যবহারকারীর তালিকায় আছেন সবাই। প্রতি মাসে ব্যবহারকারীর এমন সংখ্যা পেছনে ফেলেছে খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটারকেও। টুইটারে বর্তমানে প্রতি মাসে নিয়মিত ব্যবহারকারী ২৩ দশমিক ২ কোটি।
অ্যাপলের আইওএস, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ও নকিয়ায় ব্যবহার করা যায় হোয়াটস অ্যাপ। ফলে, মোবাইল ফোনে ব্যবহার করা যায়—এমন বার্তা আদান-প্রদানের অ্যাপের মধ্যে শীর্ষে আছে এটি।গত অক্টোবর মাসেও সব মিলিয়ে হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ছিল ৩৫ কোটি; চলতি মাসেই সেটি ৪০ কোটি ছাড়িয়েছে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট হিসেবে শীর্ষে থাকা ফেসবুক মোবাইল বার্তা আদান-প্রদানের দিকে এখন পিছিয়ে আছে। বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে বিনা মূল্যে মোবাইল বার্তা আদান-প্রদানের সেবাটির জনপ্রিয়তা বাড়তে থাকায় এদিকেও মনযোগ দিচ্ছে ফেসবুক। তবে এখন হোয়াটস অ্যাপের যে জনপ্রিয়তা, তাতে অন্য যেকোনো সেবা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হোয়াটস অ্যাপের এক ব্লগে বলা হয়, মাত্র ৫০ জন কর্মী নিয়ে এগিয়ে চলছে হোয়াটস অ্যাপ। এর মধ্যে বেশি ভাগই প্রকৌশলী।আরও উন্নত সেবার মাধ্যমে এ সেবা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়। —দ্য ভার্জ ও হোয়াটস অ্যাপ ব্লগ অবলম্বনে কাজী আলম