শীর্ষেই আছে অ্যান্ড্রয়েড ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের তৈরি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এখনো শীর্ষে আছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বাজারে অ্যাপলের আইফোনের অংশীদারিত্ব ভালো থাকলেও অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনগুলো এখনো শীর্ষে রয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৬৪.১ শতাংশেই ব্যবহূত হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গত বছরের এ সময়ে এই হার ছিল ৪৩.৪ শতাংশ।সিমবিয়ান অপারেটিং সিস্টেম-চালিত ফোনগুলোর ব্যবহার অনেক কমেছে। অ্যাপল আইওএস-চালিত স্মার্টফোনের সংখ্যা ১৮.৮ শতাংশ, যা গত বছর একই সময়ে ছিল ১৮.২ শতাংশ। আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন ৫। তাই আইওএস ব্যবহারকারীরা অনেকেই নতুন কোনো আইওএস-চালিত পণ্য কিনছেন না বলে মন্তব্য জরিপ পরিচালনা প্রতিষ্ঠানের।মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের ব্যবহার অনেক কমেছে। বর্তমানে উইন্ডোজ মোবাইল ব্যবহারের হার ১.৬ শতাংশ, যা গত বছর এ সময়ে ছিল ২.৭ শতাংশ। বাজার গবেষক আনশুল গুপ্ত বলেন, ‘স্মার্টফোনের বাজার অ্যান্ড্রয়েড-চালিত স্যামসাং আর অ্যাপলের দখলে। দেখা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানের স্মার্টফোন আছে মাত্র ১০ শতাংশ। তাই এ দুটি প্রতিষ্ঠানের মধ্যেই চলছে প্রতিযোগিতা।’ স্যামসাংয়ের সর্বশেষ বাজারে আসা গ্যালাক্সি এসথ্রি দিয়ে ইতিমধ্যে বাজার মাতিয়েছে প্রতিষ্ঠানটি। দেখা গেছে এ স্মার্টফোনটির কল্যাণে স্যামসাংয়ের বাজার-শেয়ার ৩০ শতাংশ বেড়েছে, যা আগে ছিল ২১.৬ শতাংশ। সব মিলিয়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনগুলো।—টাইমস অব ইন্ডিয়া