শুক্রবার থেকে ঢাকায় ল্যাপটপ মেলা
আগামী শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে কিউবি গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ধরে এই মেলা চলবে। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন নবমবারের মতো এ মেলার আয়োজন করছে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে মেলার নানা দিক নিয়ে কথা বলেন এর সমন্বয়ক ফাবিয়ান খান। তিনি জানান, মেলায় অনেক প্রতিষ্ঠান একসঙ্গে হওয়ায় বিক্রির প্রতিযোগিতাও বেড়ে যায়। এতে ক্রেতারা অনেক কম মূল্যে ল্যাপটপ কম্পিউটার কিনতে পারবেন। তিনি আরও জানান, এবারের ল্যাপটপ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫টি স্টল থাকছে। সংবাদ সম্মেলনে মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবির ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রধান আশিকুর রহমান বলেন, ইন্টারনেট আর তথ্যপ্রযুক্তি একে অন্যের পরিপূরক। তাই কিউবি বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে সেরা মানের ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের মেলা উপলক্ষে কিউবি বিশেষ সুযোগ দেবে বলে জানান তিনি।গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, ‘এই মেলার মাধ্যমে আমরা আরও সহজে সবার হাতে ল্যাপটপ পৌঁছে দিতে পারব।’সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের পাশাপাশি বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ মেলায় উন্মোচিত হবে। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় ও অন্যান্য হালনাগাদ প্রকাশ করা হবে। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চাইলে www.facebook.com/laptopfair ঠিকানার পেইজ লাইক করতে হবে। এখান থেকে মেলার ব্যানার ফেসবুকে নিজের প্রোফাইল ছবি হিসেবে সেট করে মেলায় প্রবেশের টিকিট পাওয়া যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা।সংবাদ সম্মেলনে এসার ইন্ডিয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শেখর কর্মকার, এইচপি পার্সোনাল সিস্টেমস গ্রুপের বিজনেস কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া ও স্যামসাংয়ের মার্কেট কমিউনিকেশনস আইটি ব্যবস্থাপক মাহমুদ বি কাইয়ুম বক্তব্য রাখেন। —মোছাব্বের হোসেন