শুধু আড্ডা নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আড্ডায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
এক আড্ডায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আষাঢ়ের মেঘলা দুপুর। একটি গাছের ছায়ায় তারুণ্যের আড্ডা। হঠাৎ এক বন্ধু কণ্ঠ ছেড়ে গেয়ে উঠলেন—‘আকাশ দেখে খাঁচার পাখির উড়ে যাবার ইচ্ছে হতে পারে/ বুকের খাঁচায় রাখি, কেমন করে উড়াই বলো তারে’...। ক্ষণিক স্তব্ধতা। নীরবতা ভেঙে এবার সবার কণ্ঠে বাজল ‘তোমার ঘরে বাস করে কারা...।’ উচ্ছ্বাস আর উদ্দীপনা মেশানো তারুণ্যের এ আড্ডা বসেছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্লাসের ফাঁকে কয়েকটি বিভাগের বন্ধুদের ওই
জমকালো আড্ডায় যোগ দেওয়ার সুযোগ হলো। ক্যাম্পাসের গাছের ছায়ার সবুজ চত্বরে বসে অনির্ধারিত বিষয়ে আলাপচারিতা যেন উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ পাঠ। এ আড্ডা ছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো মানেই হয় না। আড্ডার বন্ধুদের এমনই অভিব্যক্তি।ক্যাম্পাস থেকে প্রকাশিত ষাণ্মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক মৎস্য ও মেরিন জীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিজা ইসলাম আড্ডায় যোগ দিয়ে কিছুটা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘যারা শিল্প-সাহিত্যের সঙ্গে থাকে, তারা নির্মল আড্ডাবাজ হয়। ভালো থাকে।’যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি বয়সে এখনো নবীন। অতিথি পাখি কিংবা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভ্রমণে আসা দর্শনার্থীদের কলকাকলিতে মুখর হতে ক্যাম্পাসকে আরও কিছুটা সময় দিতে হবে। সবে সারি সারি গাছগাছালিতে ক্যাম্পাস সুশোভিত করা হয়েছে। আড্ডায় গান গাওয়া বন্ধুটি ফাহিম রহমান। তিনি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। তাঁর কথা, পরিবেশের জন্য কিছু একটা করা দরকার। পরিবেশ ভালো রাখার জন্য সচেতনতা সৃষ্টি সবচেয়ে জরুরি। ৫ জুনে যে পরিবেশ দিবসটি হয়, সেটি উৎসবের রূপ দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আড্ডা কেমন যেন গুরুগম্ভীর হয়ে যাচ্ছে। কোনো এক বন্ধু ফাহিমকে অনুরোধ জানালেন, সেই গানটি ধর না। আরেক বন্ধু বলে উঠলেন ‘নিজস্ব সংস্কৃতির বাইরে যাস না’। এবার সংস্কৃতি আর অপসংস্কৃতি নিয়ে বিতর্ক উঠল। অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরণিকা হক সবাইকে থামিয়ে দিয়ে বললেন, যা কিছু গ্রহণীয়, ভালো তা-ই সংস্কৃতি। আর যা মানুষের মধ্যে অসুস্থ চিন্তার উন্মেষ ঘটায় তা-ই অপসংস্কৃতি। আর একখান গান হয়ে যাক বলতেই ‘গাড়ি চলে না, চলে না চলে না-রে, গাড়ি চলে না’, ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ সমবেত কণ্ঠে চলতে থাকল একের পর এক গান।

যশোর শহর থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের আমবটতলায় ২০০৭ সালের ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়। ৩৫ একর সীমানার বিশাল ক্যাম্পাসের এ বিশ্ববিদ্যালয়ে ১২টি বিভাগে বর্তমানে হাজার দুয়েক শিক্ষার্থী লেখাপড়া করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, পরিকল্পনা করে ক্যাম্পাস সাজানো হচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পাসে চার ধরনের গাছ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফলদ, বনজ, ভেষজ ও দৃষ্টিনন্দন গাছ। গাছগুলো আরেকটু বড় হলে শিক্ষার্থীদের বসার জন্য গোড়া বাঁধাই করে দেওয়া হবে। ক্যাম্পাসে একটি পুকুর খনন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাম্পাস সমৃদ্ধ করার জন্য অন্তত আরও ১৫ একর জায়গার দরকার। উপাচার্য বলেন, যশোর শহরকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চশিক্ষা বেষ্টনী করার ভাবনা রয়েছে। যেটি আলাদা একটি ক্যাম্পাসে রূপান্তিত হবে। এতে শিক্ষার্থীরা বিদেশি নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বাদ পাবে। শহরও আলোকিত হবে বলে তিনি দাবি করেন। ২০১৯ সালের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে ২৬টি বিভাগ খোলার পরিকল্পনার কথাও তিনি জানান।