শুধু স্যামসাংকেই প্রতিদ্বন্দ্বী ভাবছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালি ইকোনমিকস টাইমসকে এক সাক্ষাত্কারে বলেছেন, অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে কেবল স্যামসাং। আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার মতো কেবল স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবকেই খুঁজে পেয়েছেন ৭২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এ ব্যবসায়ী।জন স্কালি ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে ১৯৭০ সাল থেকে তিনি পেপসিকোর ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদে কাজ করেছিলেন। পুরোপুরি একজন ব্যবসায়িক মানসিকতার ব্যক্তি হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। অ্যাপলে থাকাকালীন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্যই স্টিভ জবসকে অ্যাপল ছাড়তে হয়েছিল। স্কালির সাম্প্রতিক সাক্ষাত্কারে তিনি অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বলতে গিয়ে কেবল স্যামসাংয়ের কথাই উল্লেখ করেছেন। স্কালি জানিয়েছেন, অ্যাপলের তৈরি প্রযুক্তিপণ্যের দ্রুত প্রসার ও প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ এত বেশি যে অধিকাংশ ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে অ্যাপলের আইপ্যাডের ধারে-কাছে আসা সম্ভব নয়। অ্যাপলের প্রযুক্তি, বাজারে আনার প্রক্রিয়া, পণ্যের নকশা, অ্যাপ স্টোর অ্যাপলকে অনেক প্রতিষ্ঠানের চেয়ে বাজারে এগিয়ে রেখেছে। তবে আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে শক্ত অবস্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। যেকোনো সময় বাজারে পরিস্থিতি পরিবর্তন করে আইপ্যাডকে টেক্কা দিতে পারে গ্যালাক্সি ট্যাব। কিন্তু এ ক্ষেত্রে অ্যাপলের নির্বাহী দলটা খুব ভালোভাবে বাজার সামলানোর কাজ করছে। তিনি বলেন, টেলিভিশন বা ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে জাপানের সনির মতো প্রতিষ্ঠান পরীক্ষার মুখে পড়লেও অ্যাপলের ভবিষ্যত্ এখনো উজ্জ্বল।স্কালি আরও জানিয়েছেন, বাজারে এখন স্মার্টফোনের ছড়াছড়ি। তবে ভারত, চীন ও আফ্রিকার দেশগুলোতে এখনো ভালো করার সুযোগ রয়েছে। এসব দেশে কম মূল্যের স্মার্টফোন এখনো ভালো পণ্য হতে পারে। স্মার্টফোনের বাজারে নকিয়া ও মাইক্রোসফট অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বিশেষ করে স্বল্পমূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে নকিয়া-মাইক্রোসফট বাজার দখল করতে পারে। এ ছাড়া ভবিষ্যতে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে আরও ভালো করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন স্কালি।