শুনুন দুই যোদ্ধার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারের বিরুদ্ধে জয়ী হয়েছেন মাহমুদুল আমিন ও ফারজানা আলী। ছবি: অধুনা
ক্যানসারের বিরুদ্ধে জয়ী হয়েছেন মাহমুদুল আমিন ও ফারজানা আলী। ছবি: অধুনা

জুনের শুরু থেকে ক্যানসারজয়ীদের নিয়ে আয়োজনের শুরু করে সানোফি বাংলাদেশ৷ ২০ জুন দুরারোগ্য ক্যানসার জয় করা কয়েকজন একটা অনুষ্ঠানে শোনান তাঁদের লড়াইয়ের কথা৷ এর কয়েক দিন আগে সানোফির সহযোগিতায় কথা হয় দুই ক্যানসারজয়ীর সঙ্গে৷ একটি রোগ কি কখনো একজন মানুষের জীবনদর্শনকে বদলাতে পারে? পারে, যদি রোগটি সেই মানুষের জীবনকেই বদলে দেয়। কঠিন এক রোগের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া দুই বিজয়ী তেমনটাই জানালেন।

গল্পটা খুব সাধারণ হতে পারত
মাহমুদুল আমিন রেডিওর একজন কথাবন্ধু৷ বিজ্ঞাপনেও কণ্ঠ দেন। উচ্চারণ শেখানোর কাজও করেন। তবে শ্রোতা-দর্শকেরা জানেন না লিম্ফোমা নামের ক্যানসারে আক্রান্ত মাহমুদুলের জীবনের গল্পটা। ২০০৫ সাল। ব্যথা আর পায়ের রগে টান পড়ার সমস্যায় চিকিৎসকের কাছে গেলেন মাহমুদুল। সুস্থ হলেন, কিন্তু সমস্যাটা হলো আবারও। পাওয়া গেল টিউমারের অস্তিত্ব। পরীক্ষা-নিরীক্ষায় জানলেন, এর নাম কারসিনোমা। কারসিনোমা কী, তখনো জানেন না মাহমুদুল৷ পরে জানলেন, এটি একধরনের ক্যানসার। অস্ত্রোপচার হলো। পরীক্ষা-নিরীক্ষা চলল আরও৷ ফলাফলে দেখা গেল, এটি প্রাথমিক অবস্থায় আছে, কেমোথেরাপিতে সুস্থ হওয়া যাবে।

‘পরিবারে ক্যানসার রোগী ছিল, দেখেছি কেমোথেরাপির কষ্ট। কেমোথেরাপির প্রথম ফোঁটাটি যেন জানান দিয়েই শরীরে ঢুকল৷ টের পেলাম, কঠিন এক চিকিৎসার মধ্যে পড়েছি৷’ বললেন মাহমুদুল৷ কয়েক দিনে প্রথম ধাপের চিকিৎসা শেষ হয়। এ রকম পাঁচবার নিতে হয়েছে। কেমোথেরাপি নিয়ে জিহ্বা কেমন যেন প্লাস্টিকের মতো হয়ে গেল, খেতে পারতেন না, বমি হতো, কাশি হতো। অক্সিজেনও নিতে হয়েছে। হঠাৎই একদিন আবিষ্কার করলেন, মাথায় পানি দিলেই চুল পড়ছে। পরে অভ্যস্ত হয়ে যান৷ ‘বুঝতে পারি, বেঁচে থাকাটাই অনেক বড়।’
মাহমুদুলের অবসরপ্রাপ্ত বাবার অঢেল অর্থ-সম্পদ না থাকলেও ছেলেকে নিশ্চিন্ত থাকতে বলতেন। মাহমুদুলের বন্ধু তাঁর চিকিৎসার জন্য নিজের গাড়ি কেনার টাকা দিয়ে দিতে চেয়েছিলেন। দেখেছেন কুসংস্কারাচ্ছন্ন আচরণও। সেলুনের পরিচিত লোকজন তাঁর দাড়ি কামাতেও রাজি হননি।
ভেঙে পড়েননি। চিকিৎসার সময় পড়েছেন ডেল কার্নেগির লেখা, পেয়েছেন সাহস। আট-নয় মাস পরেই কাজে আবার যোগ দেন৷ তার পরই বুঝলেন, শরীরটা আগের মতো কষ্ট সইতে পারছে না। তাই রেডিও আর বিজ্ঞাপনের কাজ বেছে নেন।
মাহমুদুল নিজে বুঝেছেন, অর্থ-সম্পদ না থাকলেও জীবনটা অনেক সুন্দর হতে পারে। নিজের জীবনদর্শন শ্রোতাদের শোনান, তবে বলেন না তিনি একজন ক্যানসারযোদ্ধা।

দুবার যুদ্ধ দুবারই জয়ী
ক্যানসারের সঙ্গে ফারজানা আলীর পরিচয় ২০০২ সালে, যখন তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। মায়ের জরায়ুতে অস্ত্রোপচার হলো, রেডিওথেরাপি হলো, তবে পরবর্তী সময়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা তাঁদের দেওয়া হয়নি।
ছয় বছর পর এক রাতে হঠাৎ ব্যথায় কাতর মা চিৎকার করে ওঠেন। পরে জানলেন, মায়ের পেটে আগেই ছড়িয়েছে ক্যানসার, যার আকার এখন ভয়াবহ। চিকিৎসকেরা নৈরাশ্যের কথা বলেন। আশার বাণী শোনানোর মতো কাউকে খঁুজছেন পাগলপ্রায় ফারজানা। হঠাৎই পেলেন এক চিকিৎসকের খোঁজ, যিনি সেই অবস্থা থেকে রোগীকে ফেরাতেও লড়বেন।
আবারও অস্ত্রোপচার, চলল কেমোথেরাপিও। তবে মায়ের দুশ্চিন্তা মেয়েকে নিয়ে। মেয়েটির বাবা নেই, ভাই দেশের বাইরে। অস্ত্রোপচারের আগেই মেয়ের বিয়ে দিলেন।
মায়ের চিকিৎসা শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। এরই মধ্যে ফারজানা নিজের স্তনে চাকার অস্তিত্ব অনুভব করলেন। ছুটলেন মায়ের সেই চিকিৎসকের কাছে, যিনি তাঁকে বাবার মতো স্নেহ করতেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, এটি কর্কট রোগ৷ শুরু হয় চিকিৎসা। মাত্র ২৯ বছর বয়স বলে চিকিৎসাটা বেশ কঠিন। কেমোথেরাপির মাত্রা এত বেশি ছিল যে তিনটি ফোঁটা শরীরে যাওয়ার পরই দাঁড়িয়ে যান তিনি। অনেক কষ্টে কাটে প্রথম ধাক্কা। তাঁর কষ্ট দেখে মা পড়ে যান।
ফারজানা বলতে থাকেন, ‘জানতাম চুল পড়বে, ছোট করে ফেিল সুন্দর চুলগুলোকে। একসময় চুলের সঙ্গে পড়ে গেল চোখের পাপড়ি আর ভ্রুও। নানান পার্শ্বপ্রতিক্রিয়া; সহ্যের সীমা ছাড়ানো চারটি কেমোথেরাপির পর চিকিৎসা থামাতেও চেয়েছিলাম৷’
আরও দুটি কেমোথেরাপি। এরপর কেটে ফেলতে হলো স্তনটি; অস্ত্রোপচারের পর প্রচণ্ড ব্যথা। ফারজানা বাসায় ফিরলেন প্রথম বিবাহবার্ষিকীতে। এরপর রেডিওথেরাপি, এরও মাত্রা এমন, পিঠ পুড়ে গেল তাঁর। সব কষ্টে পাশে পেয়েছি স্বামীকে। চিকিৎসা শেষ, তবে থাকতে চান ক্যানসার রোগীদের পাশে। মায়ের চিকিৎসা করাতে দুর্ভোগে পড়েছিলেন, তাই নতুন রোগীদের পরামর্শ দিতে চান নিজের অভিজ্ঞতা থেকে। ফেসবুকে ক্যানসার সারভাইভারস ফোরাম নামে গ্রুপ খুলেছেন, সবাইকে আমন্ত্রণ জানান সেখানে।
জীবনের পরিবর্তনগুলোকে মেনে নিয়েছেন। সান্তনা দেন অন্যদের। বললেন, বাংলাদেশে এখন ভালো চিকিৎসা হচ্ছে, তবে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রয়োজন এবং চিকিৎসার খরচও কম হওয়া উচিত।