শুভ জন্মদিন প্রিয় বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনস্টাইন
আইনস্টাইন

বলছি আজ থেকে ঠিক ১৩৫ বছর আগের কথা। জার্মানের উওর্টেম্বার্গ শহর। ১৪ মার্চ, ঠিক আজকের দিনেই সে শহরে জন্ম নিয়েছিল ছোট্ট ফুটফুটে এক শিশু। পরিবারের সবার সে কী আনন্দ! কিন্তু অদ্ভুত বিষয় হলো, শিশুটি দেখতে ঠিক অন্য দশটা শিশুর মতো নয়। কারণ, তার মাথা ও শরীর স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়। পরিবারের সবাই ধরেই নিয়েছিল শিশুটি স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে কয়েক সপ্তাহের মধ্যে শিশুটি স্বাভাবিক হয়ে উঠল। কে সে?

ছোট্ট আইনস্টাইন
ছোট্ট আইনস্টাইন

হ্যাঁ, তিনি তোমাদের সবার প্রিয় বিজ্ঞানী—আলবার্ট আইনস্টাইন। নিশ্চয়ই বুঝে ফেলেছ, আজ আইনস্টাইনের জন্মদিন। যে যার জায়গায় বসে চাইলে হাততালি দিয়ে ‘শুভ জন্মদিন প্রিয় বিজ্ঞানী’ বলে ফেলতে পারো!
জানো, ছোটবেলায় আইনস্টাইন একদম চুপচাপ থাকতেন। এমনকি একটা পুরো বাক্য ও বলতেন না। সবাই ভেবেছিল, তিনি আর কখনোই ঠিকভাবে কথা বলতে শিখবেন না। অবাক করা ঘটনা ঘটল তখন, যখন আইনস্টাইনের বয়স চার। রাতে খেতে বসে হঠাৎই পুঁচকে আইনস্টাইন বললো, ‘আজকের স্যুপটা খুব গরম’। শুনে বাবা-মায়ের চক্ষু চড়কগাছ! ভ্রু জোড়া কপালে তুলে তাঁরা জানতে চাইলেন, ‘সে কী! তুমি কথা বলতে পারো! তাহলে এত দিন বলোনি কেন?’
‘প্রয়োজন পড়েনি, তাই!’ আইনস্টাইনের সোজাসাপ্টা জবাব। এই না হলে বিজ্ঞানী! 
তাঁর বিজ্ঞানী হওয়ার সূচনা কিন্তু ঘটেছিল মাত্র পাঁচ বছর বয়সে।
কীভাবে? বলছি শোনো। ছোট্ট আইনস্টাইন তখন খুব অসুস্থ। এমন সময় বাবা তাঁকে একটা পকেট কম্পাস দিলেন। একটা অদৃশ্য শক্তি কম্পাসের কাঁটাটাকে উত্তর-দক্ষিণ বরাবর টেনে ধরে রেখেছে, কী আজব! ব্যাপারটা বেশ মজার মনে হয়েছিল তাঁর কাছে। সেই থেকে শুরু। স্বল্পভাষী ছেলেটা মুখে কথা কম বললেও মনে মনে কত কী যে ভাবতেন!
আরেকটা মজার খবর কানে কানে বলি শোনো। আইনস্টাইন পরীক্ষায় একবার ফেল করেছিলেন। অবাক হচ্ছো? ঘটনাটা কিন্তু সত্যি। পরীক্ষায় আইনস্টাইন গণিত আর বিজ্ঞানের সব বিষয়ে পাস করলেও ফেল করেছিলেন ইতিহাস, ভাষা আর ভূগোলে। ভেবে দেখো, এই ফেলু আইনস্টাইনই আবিষ্কার করেছেন অ্যাটম বোমার মতো শক্তিশালী বস্তু। 
আর তাই তো তাঁর উদ্যম-মেধায় অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করে পৃথিবীকে বদলে দিতে চায় অনেকেই। যেমন—তুমি!
 নাইস নূর
সূত্র: বায়োগ্রাফি ডট কম