শুভ জন্মদিন মার্ক জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ জন্মদিন মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের আজ ২৮তম জন্মদিন। ১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তরুণ এই প্রযুক্তিবিদ। হ্যাকার, কলেজ থেকে ঝরে পড়া শিক্ষার্থী, ফেসবুকের প্রধান নির্বাহী, টাইম ম্যাগাজিন-ব্যক্তিত্ব, পৃথিবীর সবচেয়ে কম বয়সী বিলিয়নীয়রসহ এই সুদর্শন তরুণের পরিচিতি অনেক। তবে সবকিছু ছাপিয়ে তাঁর মূল পরিচয় তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবেই।হুডিওয়ালা টি-শার্ট, জিন্স ও স্নিকার্স পরেই তিনি জয় করেছেন গোটা বিশ্ব। বর্তমানে পৃথিবীর ৯০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ১৯৯০ সালে বাবার মাধ্যমে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি জাকারবার্গের। হার্ভার্ডে তাঁর দ্বিতীয় বর্ষ চলাকালীন অক্টোবর ২৮, ২০০৩-এ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের নয়টি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। তিনি দুটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন। এ জন্য মার্ক জাকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্যকেন্দ্র হ্যাক করেন। ২০০৪-এর জানুয়ারিতে মার্ক তাঁর নতুন সাইটের কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে ‘দি ফেসবুক’ উদ্বোধন করেন। মার্ক জাকারবার্গের সঙ্গে ছিলেন ডাস্টিন মস্কোভিজ, ক্রস হুগেস ও এডোয়ার্ডো স্যাভেরিন এবং অ্যান্ড্রু ম্যাককালাম। বছর না ঘুরতেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। ২০০৫ সালে ‘দ্য ফেসবুক ডটকম’ নাম পালটে কোম্পানির নাম রাখা হয় শুধু ‘ফেসবুক’। ২০১০ সাল সাল নাগাদ ব্যবহারকারী ৫০ কোটি ছাড়িয়ে যায়।ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত তিনি। তবে বিল গেটসের দেওয়া তথ্য অনুসারে জাকারবার্গ তাঁর বান্ধবী প্রিসিলা চ্যানের সঙ্গে আংটি বদল করে রেখেছেন। প্রিয় খাবার নিজের শিকার করা পশুর মাংস। বিস্ট নামে তাঁর একটি পোষা কুকুর তাঁর অন্যতম প্রিয় সঙ্গী।