শুভ বিবাহবিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবিচ্ছেদের উৎসবে পরার জন্য পোশাক পছন্দ করছেন একজন ইরানি নারী
বিবাহবিচ্ছেদের উৎসবে পরার জন্য পোশাক পছন্দ করছেন একজন ইরানি নারী

এ যেন একেবারে বিয়ের উৎসব৷ হল ভাড়া করা হয়৷ কার্ড ছাপানো হয়৷ আমন্ত্রণ জানানো হয় অনেক মানুষকে৷ অন্যান্য খাবারের পাশাপাশি থাকে বিশাল কেক৷ ঘটা করে কাটা হয় সেই কেক৷ কিন্তু কিসের এই উৎসব! শুনে হয়তো একটু অবাকই হবেন৷ এটা বিবাহবিচ্ছেদের উৎসব৷ আর এ ধরনের উৎসবের আয়োজন হরহামেশাই হচ্ছে ইসলামপন্থী রাষ্ট্র হিসেবে পরিচিত ইরানে৷
ইরানে গত কয়েক বছরে বিবাহবিচ্ছেদের হার বেড়ে গেছে৷ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইরানে বিবাহবিচ্ছেদের হার ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে৷ বছরটিতে ২০ শতাংশ ইরানি দম্পতির বিয়ে বিচ্ছেদ হয়েছে৷
অনেকে এই বিচ্ছেদকে আনন্দজনক ঘটনা বলে মনে করছেন৷ তাঁরাই আয়োজন করছেন বিচ্ছেদের উৎসব৷ উৎসবের আয়োজন হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন ফুল ও কার্ডের দোকানিরা৷ ‘তোমাকে আমার মোটেও মনে পড়বে না’ বা ‘তোমাকে ছাড়া আমি বাকি জীবন বেশ ভালোই কাটাতে পারব, আমার কষ্ট হবে না’—এ-জাতীয় কথা এখন লেখা থাকছে বিবাহবিচ্ছেদের কার্ডে৷ বিচ্ছেদের প্রাক্কালে স্বামী-স্ত্রী পরস্পরকে এই কার্ড উপহার দেন৷ রাজধানী তেহরানের একজন কার্ডের দোকানি বলেন, গত দুই বছরে এ ধরনের কার্ডের চাহিদা অনেক বেড়েছে৷
বিখ্যাত পারসি পপ গান, ‘আমি কসম খেয়ে বলছি, যত দিন বেঁচে থাকব আমি আর কখনোই ভালোবাসায় জড়াব না৷ যদি কোনো দিন ভালোবাসায় জড়িয়ে পড়ি, তবে সেটি অবশ্যই তোমার সঙ্গে হবে না’—এটিই সবচেয়ে বেশি বিক্রিত কার্ডের তালিকায় রয়েছে৷
একজন ফুলের দোকানি বলেন, ‘বিবাহবিচ্ছেদের অনুষ্ঠানে সবচেয়ে বেশি চাহিদা কালো গোলাপের তৈরি তোড়ার৷ তাই আমরা এখন এই ফুলের চাষ বেশি করে করি৷’
সমাজ বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি ইরানে বিবাহবিচ্ছেদের হার অনেক বেড়ে গেছে৷ তবে এর পেছনে কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়৷
তবে এই বিবাহবিচ্ছেদ উৎসব সবার কাছে এখনো গ্রহণযোগ্যতা পায়নি৷ ইরানের শীর্ষ রক্ষণশীল ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মাকারেম সিরাজি এই বিবাহবিচ্ছেদ উৎসবের কড়া সমালোচনা করেছেন৷ তিনি বলেন, এটি শয়তানের কর্মকাণ্ড৷ পশ্চিমা দেশগুলো থেকে এই বিষাক্ত আচার আমাদের দেশে ঢুকেছে৷
তেহরানের শীর্ষ ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ এমামি কাশানিও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন৷ এই উৎসবকে পশ্চিমা রীতি দাবি করে তিনি বলেন, ‘খুব ধীরে ধীরে আমাদের সমাজব্যবস্থা পশ্চিমা সংস্কৃতি দ্বারা কলুষিত হচ্ছে৷’ তিনি আরও বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন৷ বিবাহবিচ্ছেদের উৎসবের মধ্য দিয়ে পরিবারের বন্ধন ও মর্যাদাকে খাটো করা হচ্ছে৷
সম্প্রতি রেডিওতে সরাসরি সম্প্রচারিত ভাষণে কাশানি বলেন, এই উৎসব জাতির জন্য দুর্ভাগ্যের বার্তা বয়ে আনছে৷ এটি বিপজ্জনকও৷ নারী-পুরুষের সম্মিলিতভাবে এ ধরনের উৎসবে যোগ দেওয়াকে তিনি শয়তানের কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন৷ তিনি তরুণসমাজের প্রতি পশ্চিমা সংস্কৃতি বর্জনের আহ্বান জানান৷
ফাতেমা আবেদীন