শুভেচ্ছা

জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের জন্মদিন আজ। এ উপলক্ষে রস+আলোর ফেসবুক পেজে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। সেসব শুভেচ্ছার মধ্যে নির্বাচিত কয়েকটি ছাপা হলো:
মোজাহিদুল ইসলাম: আপনি বলেছেন কল্পনাশক্তি ব্যবহার করতে। কিন্তু আজকের দিনে আপনি ওঁয়া ওঁয়া করে কেঁদেছিলেন, সেটা কল্পনা করতে পারছি না। ভাবতে গেলে আপনার গোঁফ চলে আসছে। কী বিপদ! অনেক অনেক শুভ জন্মদিন।
মোহাইমিন আল বরাত: ডিসেম্বর মাসে সব জ্ঞানী-গুণীর জন্মদিন। এই যেমন ২৩ তারিখ মুহম্মদ জাফর ইকবাল স্যারের জন্মদিন, ২৪ তারিখ আমার জন্মদিন। শুভ জন্মদিন স্যার...
মারুফ মুক্তাদীর খান: এত পড়ালেখা করেও আপনার মাত্র একটা জন্মদিন! অথচ আমাদের দেশের কতজনের কয়েকটা করে জন্মদিন আছে। জীবনে কী করলেন স্যার! তবুও শুভেচ্ছা।
সাদিয়া সুলতানা: আমার মায়ের পছন্দের নায়ক অভিনেতা জাফর ইকবাল। আমি ছোটবেলায় মনে করতাম, স্যারই আম্মুর পছন্দের নায়ক। বহু পরে জানলাম, আসলে দুজন এক নন। কিন্তু মায়ের পছন্দের হিরো মরহুম নায়ক জাফর ইকবাল হলেও, আমার জীবনের হিরোদের মধ্যে স্যার অন্যতম... শুভ জন্মদিন প্রিয় জাফর স্যার।
দিবা আফরোজ: শুভ জন্মদিন, স্যার। আশা করি, আপনার চুল, গোঁফ আরও তুষারশুভ্র আর কিউট হোক।
শোয়াইব শাহরিয়ার: স্যার, ভেবেছিলাম জলমানব হয়ে ইকারাস-এর সঙ্গে দোস্তি করে ফোবিয়ানের যাত্রী সেজে নীলমানবদের ক্রোমিয়াম অরণ্য থেকে প্রজেক্ট নেবুলাটা শেষ করে টুকুনজিলকে ফাঁকি দিয়ে একজন অতিমানবীকে নিয়ে ট্রাইটনে একটু ঘুরতে যাব! শুনেছি, ট্রাইটন একটি গ্রহের নাম! কিন্তু তা আপনি হতে দিলেন কই? নিঃসঙ্গ গ্রহচারী হয়ে ফিরে এলাম পৃথিবীতে! আপনাকে জন্মদিনে উইশ করতে! শুভ জন্মদিন!