শুরু থেকেই জমে উঠেছে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা শুরু থেকেই জমে উঠেছে। সিটিআইটি ২০১০ নামের এ মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সারা দিনই মেলায় দর্শকদের ভিড় দেখা যায়।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্যে নানা রকম ছাড় ও উপহার দিচ্ছে। পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ডে বিদেশযাত্রার টিকিটসহ নানা পুরস্কার রয়েছে। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বিভিন্ন মডেলের ব্রাদার প্রিন্টারে দিচ্ছে পুরস্কার। স্মার্ট টেকনোলজিস স্যামসাং প্রিন্টারে দিচ্ছে স্ক্র্যাচ কার্ড। এতে টিভি, মোবাইল ফোনসেট, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি পুরস্কার রয়েছে। তোশিবার ল্যাপটপ কিনলে মাইক্রোসফটের তারহীন মাউস দেওয়া হচ্ছে। কম্পিউটার সিটির সঙ্গে যৌথভাবে ডিজিটাল ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে স্যামসাং। ছবির বিষয় ‘আমার ভালোবাসা আমার বাংলাদেশ’। ১০ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এবং ২৬ বছরের বেশি বয়স্ক যে কেউ এতে সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। মেলায় রিশিত কম্পিউটার্স লিমিটেড ২৩ হাজার টাকায় ল্যাপটপ এবং ১২ হাজার ৯৯৯ টাকায় ডেস্কটপ কম্পিউটার দিচ্ছে। সঙ্গে জ্যাকেটও দেওয়া হচ্ছে। স্পিড টেকনোলজিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বেলকিনের বিভিন্ন পণ্যে প্রতিদিন ব্যাগ, ঘড়ি, রোদ চশমাসহ নানা উপহার দিচ্ছে। এবার পুরো মেলা উচ্চগতির তারহীন ইন্টারনেট ওয়াইম্যাক্সের আওতায় থাকছে। বড় পর্দায় ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে দর্শকেরা। মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মেলায় নতুন নতুন পণ্য দেখছি। মূল্য ছাড়ের সুবিধা আর ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় ভালো হয়েছে।’মেলার টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের টিকিট নিয়ে মেলার শেষ দিন রয়েছে র্যাফল ড্র এবং পুরস্কার হিসেবে থাকছে গাড়ি, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। আজ মেলার কেন্দ্রীয় মঞ্চে গুণীজন সংবর্ধনাসহ থাকছে বিভিন্ন অনুষ্ঠান। —নুরুন্নবী হাছিব ও বাদল খান