শুরু হচ্ছে গুগল আইও রিক্যাপ বাংলাদেশ

আজ বেলা তিনটায় গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ৬টি শহরে একযোগে শুরু হচ্ছে ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ।’ এই সম্মেলনে গুগল থেকে ঘুরে আসা পাঁচজন বাংলাদেশি কমিউনিটি ব্যবস্থাপক তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
আয়োজকেরা জানিয়েছেন, রাজধানীর কৃষিবিদ অনুষ্ঠানে দুই হাজার ডেভেলপারের উপস্থিতিতে হবে মূল অনুষ্ঠানটি আর দেশের অন্য পাঁচটি শহরে স্থানীয় ডেভেলপাররা ছোট ছোট অনুষ্ঠান করবেন। ঢাকার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে দেখানো হবে। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারবেন।
গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান জানান, গুগল আইও হচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারা বিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয় এই সম্মেলনে। এ বছর বাংলাদেশ থেকে ৫ জন অংশ নেন এই অনুষ্ঠানে। গুগল অভিজ্ঞতা বাংলাদেশের গুগল কমিউনিটিতে বিনিময় করার জন্য আয়োজন করা হয়েছে গুগল আইও রিক্যাপ বাংলাদেশ।
গুগলের বাংলাদেশভিত্তিক কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ অংশে থাকছে কনসার্ট।
অনুষ্ঠানে পরিধেয় গ্যাজেট, অ্যান্ড্রয়েড পণ্য, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন প্রভৃতি বিষয়ে কী নোট উপস্থাপন করা হবে। আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম।
অনুষ্ঠানে গুগল থেকে খান সালাম, হাশমি রাফসানজানি, জিবিজি বাংলার রিয়াদ হোসেন, জিডিজি ঢাকার আরিফ নেজামি, জিডিজি সোনারগাঁওয়ের আশরাফ আবির, জিবিজি সোনারগাঁয়ের সেলিম সাদমান পাঠান, জিডিজি বাংলার জাবেদ সুলতান সম্মেলনে বক্তব্য রাখবেন।