শুরু হচ্ছে গুগলের প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল প্রতিবছরের মতো এবারও গুগল কোড জ্যাম নামে প্রোগ্রামারদের জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এরই মধ্যে নিবন্ধন-প্রক্রিয়ায়ও শুরু হয়েছে। এটি মূলত সৃজনশীল ও প্রতিভাবান প্রোগ্রামারদের জন্য একটি বেশ কঠিন প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য পুরস্কার হিসাবে থাকে ১০ হাজার ডলার। গত বছরও গুগল প্রোগ্রামারদের জন্য ‘কোড জ্যাম’-এর আয়োজন করে। কিছুদিন আগে গুগল ক্রোমে যেকোনো ত্রুটি বের করার একটি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের পুরস্কৃতও করেছে। গত বছরের আয়োজনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন মাকোটো সোজিমাকে বিড়ালদের জন্য একটি বাড়ি তৈরি করতে এবং সেগুলোকে খাবার পরিবেশন করতে বলা হয়েছিল। এর আগে বাড়িটি কী ধরনের হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণাও দেওয়া হয়। এমনই সব অদ্ভুত সমস্যার সমাধান করতে দেওয়া হয় গুগল কোড জ্যামে। সম্ভবত এ বছরও তেমন কোনো সমস্যা নিয়ে অপেক্ষা করে আছে গুগল। এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব থেকে শুরু করে প্রায় সব পর্বেই ঘরে বসে অংশ নেওয়া যাবে। সাধারণত প্রাথমিক পর্বে দরকার ২৪ ঘণ্টা। এর পরের পর্বগুলোতে আড়াই ঘণ্টা করে সময় বরাদ্দ থাকে। এভাবে বিভিন্ন রাউন্ড শেষে সর্বশেষ ২৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চূড়ান্ত পর্বে লড়বেন। আর সেটা হবে গুগলের নিউইয়র্ক অফিসে। আগামী ১৩ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত গুগলের নিউইয়র্ক অফিসে অনুষ্ঠিত হবে এ কোড জ্যামের প্রতিযোগিতা। কোড জ্যামের চূড়ান্ত সমস্যাটি পড়তে পারবেন http://pastebin.com/wZmTNzbd ঠিকানার ওয়েবসাইটে। আগের বছরের কোড জ্যামের সমস্যাগুলো অনুশীলন করতে পারেন http://code.google.com/codejam/contests.html ঠিকানায়। আর এ বছরের নিবন্ধনের ঠিকানা http://code.google.com/codejam/contest/registration। —দ্য নেক্সট ওয়েব অবলম্বনে প্রদীপ সাহা