শুরু হচ্ছে জাতীয় বুটক্যাম্প
উদ্ভাবনী অ্যাপস তৈরির আয়োজন নিয়ে ২০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বুটক্যাম্প। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত অ্যাপস নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় এই বুটক্যাম্প।
৫০০টি দল এবং প্রায় এক হাজার ৫০০ প্রতিযোগী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ বুটক্যাম্পে অংশ নেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সঙ্গে জড়িত বাংলাদেশের সেরা সব ব্যক্তিত্ব এবং প্রতিনিধিরা এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকবেন।
বুটক্যাম্প আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতার এবারের আয়োজন আগের বেশ কয়েকটি রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারই সবচেয়ে বেশি ধারণাপত্র জমা পড়েছে প্রতিযোগিতায়। বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের ভিন্ন ভিন্ন সেশনে অ্যাপস তৈরি ও অ্যাপবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকেরা আরও জানিয়েছেন, অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করবেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ এবং লেখক-সাংবাদিক আনিসুল হক। এ আয়োজনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
অংশগ্রহণকারীদের সহায়তা করতে বুটক্যাম্পে থাকবেন ডেভেলপার, তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ব্যক্তি, শিক্ষকসহ অনেকেই।
বুটক্যাম্পটি অংশগ্রহণকারীদের অ্যাপ তৈরি এবং ডেভেলপমেন্ট কার্যক্রমে যুক্ত হওয়া, ইন্টারফেস ডিজাইনিং এবং সফল হওয়ার দারুণ বিষয়গুলোতে সহায়তা করবে।
প্রতিযোগিতার বিস্তারিত: http://contest.eatlapps.com