শুরু হচ্ছে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) ও সরকারের আইসিটি বিভাগ এই উত্সবের আয়োজক। টানা তৃতীয়বারের মতো এই উত্সব হতে যাচ্ছে।
আজ ১৮ আগস্ট সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তৃতীয় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ডিইউআইটিএস। এতে উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এলএম এরিকসন বাংলাদেশ লিমিটেডের প্রধান তথ্য কর্মকর্তা ভিপুল জেইন, ভাইস প্রেসিডেন্ট আল বাতুনি এম সৈয়দ আহমেদ, ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মানুন খান, ডিইউআইটিএস সাধারণ সম্পাদক আরিফ দেওয়ানসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সবের আহ্বায়ক আবদুল্লাহ আল ইমরান জানান, উত্সবের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নত শিক্ষায় চাই তথ্য প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস।’ এ উত্সবে অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ৬০টি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের প্রায় এক হাজার ৫০০ শিক্ষক-শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে আগামী ১৪ সেপ্টেম্বর প্রযুক্তি উত্সব উদ্বোধন করা হবে।
আবদুল্লাহ আল ইমরান জানান, টিএসসি চত্বরে আয়োজিত উত্সবের মূল পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন। উত্সবে দুটি সেমিনার, একটি কর্মশালা ও একটি আলোচনা পর্ব থাকছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সরকার টেলিযোগাযোগ ও আইসিটির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর। বাংলাদেশকে এগিয়ে যাওয়ায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্ম।
জুনাইদ আহমেদ আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বরের আগে মধুর ক্যান্টিনে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী বছরের এপ্রিলের মধ্যে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটি বিভাগের পক্ষ থেকে কমপক্ষে এক জিবিপিএস ইন্টারনেট সংযোগ করা হবে।