শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড

তথ্যপ্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ শুরু হচ্ছে আগামী ১৯ অক্টোবর। তিন দিনের এই আয়োজন এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আয়োজনে সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পাঁচটি মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় এই তথ্যপ্রযুক্তি সম্মিলন। এতে তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট ৫০ জন বিদেশিসহ শতাধিক বক্তা উপস্থিত থাকবেন।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে আজ সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ।
সভায় এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের বিষয়গুলো সম্পর্কে আলোচনা হয়। সভায় জানানো হয়, এবারের আয়োজনে সরকারের সেবাগুলো সম্পর্কে জনসাধারণকে অবগত করা হবে। সম্মেলনে ১২টি সেমিনারের পাশাপাশি পাঁচটি প্রদর্শনীও থাকবে। সরকারের ৪০টি মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আয়োজনে অংশ নেবে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে গেমিং, স্টার্চ আপ ইকোসিস্টেম, আউটসোর্সিং, ই-কমার্স এবং তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিয়ে থাকছে নানা আয়োজন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার-বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলনও। এবারের আয়োজনে তিন লাখ দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।