শুরু হচ্ছে পাইকন ঢাকা ২০১৪

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পাইথন (প্রোগ্রামিংয়ের ভাষা) ডেভেলারদের সম্মেলন পাইকন ঢাকা ২০১৪। বিশ্বব্যাপী পাইথন প্রোগ্রামদের সম্মেলনগুলোকে বলা হয় পাইকন (পাইথন কনফারেন্স)। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামীকাল ২১ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে ‘পাইকন ঢাকা ২০১৪’। পাইথন ফাউন্ডেশন অনুমোদিত এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুল।
আয়োজকেরা জানিয়েছেন, তিন ঘণ্টার এই অনুষ্ঠানে পাইথনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও পাইথন প্রোগ্রামাররা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারবেন। এই সম্মেলনে ১৭০ জন পাইথন প্রোগ্রামার অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানটি ভিডিও করে ইউটিউবে প্রকাশ করার পরিকল্পনাও করেছে আয়োজকেরা।
সম্মেলনে আয়োজক সহযোগী হিসেবে আছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। এ ছাড়াও পৃষ্ঠপোষক হচ্ছে নিউজক্রিড, ওয়াইডস্পেস, মুক্তসফট, বিডিজবস, ট্রান্সেনডিও, অনলাইন-কেনাকাটা, ফাইন্ডার এলবিএস এবং নেসক্যাফে।
বিস্তারিত জানা যাবে পাইকন ঢাকার ওয়েবসাইট ( http://dhaka.pycon.org/ ) থেকে।