শুরু হচ্ছে বিশাল সফটওয়্যার মেলা

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০১৭’ শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। ‘ফিউচার ইন মোশন’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সফটওয়্যার মেলার আয়োজক তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মেলায় ১০০টির বেশি দেশি প্রতিষ্ঠান তাঁদের তৈরি সেবা ও সফটওয়্যার প্রদর্শন করবে।
মেলা উপলক্ষে আজ শনিবার বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের দেশীয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায় প্রসারের সবচেয়ে কার্যকরী জায়গা বেসিস সফটএক্সপো। এখন থেকে প্রতিবছর বেসিস সফটএক্সপো আয়োজন করা হবে।’
বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের সফটওয়্যার-শিল্পের একটি খুঁটি হলো বেসিস সফটএক্সপো।
বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান বলেন, দেশি-বিদেশি অতিথি আলোচকদের সমন্বয়ে ২০টির বেশি সেমিনার ও ১০টির বেশি টেকনিক্যাল সেশনের আয়োজন থাকছে মেলায়।
বেসিস সফটএক্সপো ২০১৭-এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর বলেন, প্রদর্শনীতে দেশ-বিদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইটি সংগঠন, স্থানীয় সফটওয়্যার কোম্পানিসহ শতাধিক প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শন করবে। মেলায় পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে। মেলা উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রদর্শনী এলাকাকে বিজনেস সফটওয়্যার জোন, আইটিইএস এবং বিপিও জোন, মোবাইল ইনোভেশন জোন ও ই-কমার্স জোন—এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে থাকছে লিডারস মিট, ডেভেলপার কনফারেন্স, টেক উইমেন কনফারেন্সসহ নানা আয়োজন। শিশুদের জন্য থাকছে কোডিং প্রোগ্রাম। নেদারল্যান্ডস, ডেনমার্কসহ বিভিন্ন দেশের অন্তত ১০টি কোম্পানি বাংলাদেশের অর্ধশতাধিক সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর কোম্পানির সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হবেন।
বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পনসর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট বিদেশি কোম্পানি হিসেবে প্রতিযোগিতা করতে নয়, বরং ইন্ডাস্ট্রি ও দেশীয় কোম্পানিগুলোকেই সহযোগিতা করছে।
গোল্ড স্পনসর সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন বলেন, ‘বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখন অনেক আস্থাশীল। আমাদের দেশীয় কোম্পানির তৈরি ব্যাংকিং সফটওয়্যার ও অ্যাপস বিদেশিদের পেছনে ফেলছে। তাই এই ইন্ডাস্ট্রির সহযোগিতা করতেই বেসিস সফটএক্সপোতে আমরা যুক্ত হয়েছি।’
আমরা টেকনোলজিসের হেড অব মার্কেটিং মুনতাসির আহমেদ বলেন, ‘এবারের সফটএক্সপোতে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য ১ জিবিপিএস ব্যান্ডউইটথের ওয়াই-ফাই সেবা প্রদান করবে আমরা।’
আগ্রহী যে-কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনের মাধ্যমে আগে থেকেই নিবন্ধন করে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। বেসিস সফটএক্সপোর নিজস্ব ওয়েবসাইট (http://www.softexpo.com.bd/) ভিজিট করে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। সেখানে প্রদর্শনীর বিস্তারিত তথ্যও পাওয়া যাচ্ছে।
মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের পরিচালক ও বেসিস সফটএক্সপো ২০১৭-এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর, বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পনসর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, গোল্ড স্পনসর সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন।