শুরু হচ্ছে বিশ্ব সাইবার গেমের বাছাই পর্ব
শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সাইবার গেম প্রতিযোগিতা। ‘জাতীয় সাইবার গেম চ্যাম্পিয়নশিপ-২০১০’ শিরোনামের এ প্রতিযোগিতা শুরু হবে ৬ আগস্ট থেকে। জাতীয় পর্যায়ের এ আয়োজন এবার অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুলের এসটিএম হলে। প্রতিযোগিতা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এ প্রতিযোগিতা বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হবে।এবারের প্রতিযোগিতায় থাকছে ফিফা ১০, এনএফএস মোস্ট ওয়ান্টেড, কাউন্টার স্ট্রাইক, কল অব ডিউটি, গিটার হিরো এবং ডিফেন্স অব দ্য এনসিয়েন্ট (ডটা) গেম। বিশ্ব সাইবার গেমসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন জানান, বিশ্ব সাইবার গেমসের আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের আগে জাতীয়ভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার সেরা গেমাররা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত বিশ্ব সাইবার গেমসে অংশ নেবেন। এ ছাড়াও প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকছে এক হাজার ডলার এবং ঢাকা-লস অ্যাঞ্জেলেস-ঢাকা বিমান টিকিট। প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত নিবন্ধনপর্ব শুরু হবে ২৯ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। প্রতিযোগিতার মূল সহযোগী স্যামসাং, অফিশিয়াল সহযোগী মোজো, প্রিমিয়ার সহযোগী ইনটেল ও রেজর এবং অন্য সহযোগী হিসেবে রয়েছে কিউবি, গিগাবাইট ও স্মার্ট টেকনোজিস (বিডি) লিমিটেড। বিস্তারিত জানা যাবে www.wcg.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী