শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

ইউরোপের পুরোনো একটি শহরে প্রতি বছর বিশ্বের সবচেয়ে ভবিষ্যকল্প ঘটনা আর পণ্যগুলো নিয়ে একটি অনুষ্ঠান হয়। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি কতটা এগিয়েছে, তারই প্রদর্শনী হয় স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত এ অনুষ্ঠানটি ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি রোববার থেকে জমে উঠবে এই অনুষ্ঠান। বৈশ্বিক মোবাইল শিল্পের জন্য উল্লেখযোগ্য একটি সপ্তাহ কাটাতে দুই হাজার প্রদর্শক ও প্রায় ৯৪ হাজার দর্শনার্থী স্পেনের ওই শহরটিতে জড় হবেন। ব্যবসা-চুক্তি এবং এ বিষয়ক কর্মসূচি ঠিক করবেন তাঁরা।
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের থিম হচ্ছে—‘মোবাইল ইজ এভরিহোয়ার’। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এবারে নতুন প্রযুক্তিপণ্যের চমক হিসেবে স্যামসাং আনবে এস ৭ ও এস ৭ এজ। ২১ ফেব্রুয়ারি এই ফোন দুটির ঘোষণা দিতে পারে স্যামসাং। এ ছাড়া ভারচুয়াল রিয়েলিটি হেডসেট দেখাতে পারে স্যামসাং। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজি, এইচটিসি, শিয়াওমি ফ্ল্যাগশিপ ফোন আনতে পারে। হুয়াওয়ে পি ৯ নামে একটি স্মার্টফোন এনে চমক দেবে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে শুধু ফোনের প্রদর্শনী নয়, এখানে প্রযুক্তি ও মোবাইল ক্ষেত্রের দিকনির্দেশনা পাওয়া যায়। নতুন উদ্ভাবন ও ভবিষ্যৎ পণ্যগুলো দেখার সুযোগ মেলে।
স্মার্টফোনের ক্ষেত্রে চমক কিছুটা কমে এলেও ভারচুয়াল রিয়েলিটি এখন মানুষের অধিক আগ্রহের বিষয় হয়ে উঠেছে। ভারচুয়াল রিয়েলিটির পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির কথাও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখানো হবে। শিগগিরই অকুলাস, সনি ও এইচটিসি ভারচুয়াল রিয়েলিটি হেডসেট বাজারে আনবে। সব ধরনের প্রযুক্তিপণ্যে ইন্টারনেটর ব্যবহার, পরিধেয় প্রযুক্তিপণ্য, নেটওয়ার্ক সুবিধার গাড়ি প্রভৃতি নানা পণ্য এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আকর্ষণ।