শুরু হচ্ছে যন্ত্রে পাঠযোগ্য ভিসা প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে বাংলাদেশে আসতে আগ্রহী ব্যক্তিরা পাবেন যন্ত্রে পাঠযোগ্য ভিসা (মেশিন রিডেবল ভিসা—এমআরভি)। গত সপ্তাহে ঢাকার এক হোটেলে এ বিষয়ে সরকার, সফটওয়্যার নির্মাতা দোহাটেক নিউ মিডিয়া এবং ভারতীয় প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, দোহাটেক নিউমিডিয়ার প্রেসিডেন্ট এ কে এম শামসুদ্দোহাসহ অনেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামালুদ্দিন, বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের দিবাকর আগারওয়াল এবং দোহাটেক নিউমিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ভারতের দিল্লি, মুম্বাই, আগরতলা ও কলকাতা থেকে যাঁরা বাংলাদেশে আসবেন, তাঁদের এমআরভি সেবা দেবে দোহাটেক ও বিএলএস। এ জন্য চারটি শহরে আলাদা অফিস চালু করা হবে। প্রতিবছর ভারত থেকে বাংলাদেশে আসা প্রায় দুই লাখ মানুষদের জন্য এমআরভি সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে এমআরভি প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। তিন থেকে চার মাসের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ চালু হবে বলে জানা গেছে।