শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাপটপ মেলার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন
ল্যাপটপ মেলার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন

‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে ১৫ মে থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। ‘টেকশহর ল্যাপটপ মেলা ২০১৪’ নামের এই মেলার আয়োজক এক্সপো মেকার। এবারের মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য ছাড়ে মিলবে।

ল্যাপটপ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এক্সপো মেকার। এতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজির ব্যবস্থাপক সালমান আলী খান, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম এবং এক্সপো মেকারের প্রধান পরিচালক নাহিদ হাসনাইন সিদ্দিকী।

এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে, সাত বছর ধরে ল্যাপটপ মেলার আয়োজন করা হচ্ছে। এবার ল্যাপটপ মেলার ১৪তম আসর। দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে বলেও আয়োজকেরা দাবি করেন।

নাহিদ হাসনাইন জানিয়েছেন, এবারের মেলায় আগ্রহী দর্শকদের কথা মাথায় রেখে ভিন্নধর্মী কিছু আয়োজন থাকছে। বেশ কিছু নতুন মডেলের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য এবারের মেলায় প্রথমবারের মতো দেখা যাবে। আকর্ষণীয় দামে পণ্য বিক্রি ও প্রদর্শন করবে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান। এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেবে। ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিত্সু, গিগাবাইটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শন চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশ-সুবিধা থাকবে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক তথ্যপ্রযুক্তি ও টেলিকমবিষয়ক পোর্টাল টেকশহর ডটকম। মেলার সহযোগী স্পনসর হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি ও স্যামসাং। এ ছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, এখনিডটকম, বিডিওএসএন এবং ট্রন। সহযোগিতায় রয়েছে দেশের আইটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
মেলা সম্পর্কে অফিশিয়াল ফেইসবুক পেজ (https://www.facebook.com/laptopfair.bd) থেকে বিস্তারিত জানা যাবে।