শুরু হচ্ছে ল্যাপটপের মেলা

সবার জন্য ল্যাপটপ স্লোগান নিয়ে ১৪ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। মেলার আয়োজক এক্সপো মেকার। এবারের মেলায় দেশ-বিদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাঁদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যে ছাড় ও উপহার পাওয়া যাবে।
বিআইসিসির এক্সিকিউটিভ লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী, মেলার কো-অর্ডিনেটর আল আমিন দেওয়ানসহ এসার, ডেল ও এইচপির প্রতিনিধি।
মেলার পৃষ্ঠপোষক তথ্যপ্রযুক্তি-ভিত্তিক ওয়েবসাইট টেকশহর ডটকম ও সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল ও এইচপি।
এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘এটি দেশের ১৫ তম ল্যাপটপ মেলা। এর আগে ১৪টি ল্যাপটপ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। বিগত কয়েক বছর ধরে এক্সপো মেকারের এই মেলাটি দেশের তথ্য-প্রযুক্তি খাতের আকর্ষণীয় ইভেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের মেলা উদ্বোধন করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।’
নাহিদ হাসনাইন জানান, ‘২০০৮ সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তরুণ, শিক্ষার্থীসহ সকলের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। বরাবরের মতো এবারও আকর্ষণীয় করে তোলা হচ্ছে মেলাকে। এবারের মেলায় অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, জেটকাইট, জিওনির মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে। এ ছাড়াও মেলায় অংশ নিচ্ছে স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচটিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, এইচপিএস ও গ্যাজেট গ্যালারি।
মেলার আয়োজক নাহিদ আরও জানান, প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে এবার মেলায় বেশ কিছু আয়োজন থাকছে। মেলায় বিভিন্ন পণ্যে মিলবে ছাড় ও উপহার। মেলায় ৫০টি স্টল, সাতটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গেমিং জোন করছে গিগাবাইট। টিকেট বুথ পৃষ্ঠপোষক পান্ডা সিকিউরিটি। আয়োজক অংশীদার হিসেবে রয়েছে এবিসি রেডিও, এডুমেকার ও ট্রন।
মেলা থেকে বিক্রীত টিকিটের অর্থের ২৫ শতাংশ নেপালের ভূমিকম্পগ্রস্তদের সাহায্য হিসেবে এবং আরও ২৫ শতাংশ তথ্যপ্রযুক্তি ভিত্তিক সাংবাদিকদের কল্যাণ তহবিলে দান করা হবে বলে ঘোষণা দেন মেলার আয়োজকেরা। এ ছাড়াও নেপালের মানুষের পাশে দাঁড়াতে মেলায় একটি দান বাক্স থাকবে।
মেলায় এসারের পণ্য কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা দেন এসারের প্রতিনিধি। অনুষ্ঠানে ডেল নতুন পণ্য প্রদর্শন ও উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। এইচপিও বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, ল্যাপটপ মেলায় ক্রমশ ল্যাপটপ বিক্রি বাড়ছে। ২০০৮ সালে যেখানে ৪০০ টির মতো ল্যাপটপ বিক্রি হয়েছিল সেখানে গত বছরে চার হাজারেরও বেশি ল্যাপটপ বিক্রি হতে দেখা গেছে। ছাড় আর উপহারে ল্যাপটপ মেলা বরাবরই জমে ওঠে।
ল্যাপটপ মেলায় টিকিটের দাম রাখা হয়েছে ৩০ টাকা। অবশ্য শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বিনা মূল্যেই মেলায় ঢুকতে পারবেন। এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।