শুরু হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিজ্ঞানের শিক্ষার্থীদের সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্প।৩১ মে ও ১ জুন ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’ নামের দুই দিনের এ আয়োজন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করবে।বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে সেরাদের সেরা দুজনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার গিফট চেক দেওয়া হবে। দুই ক্যাটাগরিতে সেরা দুজন (একজন ছাত্র, একজন ছাত্রী) করে মোট চারজন পাবে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকার গিফট চেক। এ ছাড়া দুই ক্যাটাগরির প্রকল্প, পোস্টার ও পেপার থেকে বিজয়ী তিনজন করে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞান কুইজে বিজয়ী ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে তিন হাজার, দুই হাজার এবং এক হাজার টাকার প্রাইজবন্ড। এ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থাপনা ভালো হলেও রয়েছে বিশেষ পুরস্কার।বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য সৌজন্য উপহার হিসেবে থাকবে টিশার্ট, ফোল্ডার, প্যাড, কলম, চাবির রিং, বই, ক্যালকুলেটর ইত্যাদি। আয়োজকেরা জানিয়েছেন, কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণের জন্য ২৭০ জন খুদে বিজ্ঞানীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরও ৮৪ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজের জন্য নিবন্ধন করেছে। তারা কংগ্রেসের দুই দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে কুইজে অংশগ্রহণ করবে। কংগ্রেসে সারা দেশের ৩০টি জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ২৭০ জন। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১০৭ এবং সিনিয়র ক্যাটাগরিতে ১৬৩ জন। মোট প্রকল্প সংখ্যা ১৩৫টি, পোস্টার সংখ্যা ২৮টি, নিবন্ধ সংখ্যা ৩৯টি। কংগ্রেস বিষয়ে আরও জানা যাবে www.cscongres.org ওয়েবসাইটে।এছাড়া ফেসবুকে fb.com/groups/cscongress এবং fb.com/cscongress2013 ঠিকানায়ও এ-সংক্রান্ত তথ্য ও খবর জানা যাবে।