শুরু হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হচ্ছে ‘এফএসআইবি-শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’।
শুরু হচ্ছে ‘এফএসআইবি-শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’।

দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলা এবং বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগল আয়োজিত ‘গুগল সায়েন্স ফেয়ার’-এ বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘এফএসআইবি-শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’।
এ প্রসঙ্গে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সভাপতি ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদনও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। তিনি বলেন, শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। তবে কেবল প্রতিযোগিতাই নয়, কংগ্রেসের জন্য শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে আয়োজন করা হবে কর্মশালা ও কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প।
গুগল সায়েন্স ফেয়ারের পাশাপাশি এবার আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেও অংশ নেবে বাংলাদেশের খুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় আয়োজিত এ কংগ্রেসের প্রধান পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)।
আগামী মে মাস থেকে সারা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। সর্বমোট এক হাজার বিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীর মধ্যে এই আয়োজন নিয়ে প্রাথমিক প্রচারণা চালানো হবে। এ ছাড়া ১০০টি স্কুলের ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে চালানো হবে অ্যাকটিভেশন কার্যক্রম। শতাধিক স্কুলের শিক্ষার্থীর জন্য আয়োজন করা হবে কর্মশালা। অনুষ্ঠিত হবে ১০টি কুদরাত-ই-খুদা আঞ্চলিক বিজ্ঞান ক্যাম্প।
এ ছাড়া সারা দেশের প্রায় ২৫০টি বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় আগামী ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুদিনের ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’। পরবর্তী সময়ে সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় পাঁচ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হবে। এ ছাড়া ১০০ জন বিজ্ঞান শিক্ষককে নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্পও আয়োজন করা হবে।
সামার সায়েন্স ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৮ মের মধ্যে (www.cscongress.org) ওয়েবসাইটে আবেদন করতে হবে। দুদিনের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে তিন ক্যাটাগরিতে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। তিনটি ক্যাটাগরি হলো প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) ও সিনিয়র (নবম থেকে দ্বাদশ)।

কংগ্রেসের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও রকমারি ডটকম।
বিস্তারিত তথ্য জানা যাবে (www.facebook.com/cscongress) এবং কংগ্রেসের (www.cscongress.org) ওয়েবসাইটে। এ ছাড়া (www.facebook.com/groups/ScienceIshkool) ঠিকানায় এ বিষয়ে আলোচনায় অংশ নেওয়া যাবে।