শুরু হচ্ছে সফটওয়্যার উদ্ভাবন অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ন্যাশনাল অলিম্পিয়াড ইন সফটওয়্যার ইনোভেশন (এনওএসআই)। সফটওয়্যার উদ্ভাবনীবিষয়ক এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়া ১২ থেকে ২১ বছর বয়সী শিক্ষার্থীরা। গত শনিবার ঢাকায় ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব তথ্য জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকোক বলেন, যে লক্ষ্য নিয়ে এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়েছে, সেটি খুবই যুগান্তকারী এবং ফলপ্রুস। সফটওয়্যার নির্মাণের মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে দেশীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। এভাবেই উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘পদক্ষেপটি অনেক যুগোপযোগী, এর মাধ্যমে সফটওয়্যার নিয়ে কাজের সুযোগ ও আগ্রহ বাড়বে বহু গুণ। সফটওয়্যার নির্মাণে নির্ভরশীল হতে হলে আমাদের প্রয়োজন ভালো মানের প্রোগ্রামার, যা এ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরচুনা গ্রুপের সিইও ফয়েজ তাহের, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সিইও ক্যারিগ স্যালমনসহ অনেকে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এনওএসএইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেহজাদ নূর। অলিম্পিয়াড বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘এ ধরনের অলিম্পিয়াড যেহেতু আমাদের দেশে প্রথম হচ্ছে, তাই অলিম্পিয়াড সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি কর্মশালা করা হবে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে ১ অক্টোবরের মধ্যে। নির্মাণ করা যাবে যেকোনো প্ল্যাটফর্মের সফটওয়্যার (মোবাইল, কম্পিউটার, ওয়েব, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি)। এরপর নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ১৭ ও ১৮ অক্টোবর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। বিস্তারিত ও নিবন্ধন করা যাবে (www.nosibd.org) ঠিকানায়।