শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। (ফাইল ছবি)
১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। (ফাইল ছবি)

নানা ছাড় আর উপহারের ঘোষণা দিয়ে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪’।
তিন দিনের এই মেলা থেকে দর্শকেরা দেশের বাজারের সর্বশেষ মোবাইল ফোন, ট্যাব ও প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি বিভিন্ন পণ্যের অভিজ্ঞতাও নিতে পারবেন। হুয়াউয়ে, লেনোভো, আসুস, স্যামসাং ও সিম্ফনির মতো প্রতিষ্ঠানগুলো এই মেলায় বিশেষ ছাড় বা উপহার অফার দিয়ে পণ্য বিক্রি করবে।
স্মার্টফোন ও ট্যাব মেলার আয়োজক এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন সিদ্দিকী বলেছেন, স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটা এক্সপো মেকারের আয়োজনে তৃতীয় মেলা। এবারের আয়োজনে আমাদের সঙ্গে স্পন্সর হিসেবে রয়েছে গ্রামীণফোন। এ ছাড়াও স্পন্সর হিসেবে রয়েছে আসুস, হুয়াউয়ে, লেনোভো, স্যামসাং ও সিম্ফনি। মেলায় পাঁচটি প্যাভিলিয়ন ও ১১ টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে। মেলায় ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাইসেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্টিজিও, গ্যাজেটগ্যাং সেভেনসহ আরও কয়েকটি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।’
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। মেলায় ২০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে আসতে পারবে।
হাসনাইন সিদ্দিকী আরও জানিয়েছেন, এবারের মেলা বেশ বড় করেই আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যে ছাড় ও উপহার থাকবে। মেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মোবাইল গেম খেলার প্রতিযোগিতা। এ ছাড়াও মেলায় অ্যাপ প্রদর্শনের জন্য থাকছে অ্যাপ জোনের ব্যবস্থা।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে ‘কেমন ইন্টারনেট চাই?’ শীর্ষক সংলাপ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সাংবাদিক ও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে এই সংলাপ হবে।