শুরু হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’
আগামী ৫ জানুয়ারি থেকে ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে ই-কমার্স বিষয়ক প্রদর্শনী, একাধিক সেমিনার, গোলটেবিল বৈঠক ও কনসার্ট। ‘অনলাইনে কেনাকাটা করুন, যেকোনো কিছু, যেকোনো সময়’ এই থিম নিয়ে শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ। এ আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।‘ই-কমার্স সপ্তাহ’ আয়োজন উপলক্ষে বেসিস সম্মেলন কক্ষে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ আরও অনেকে। ই-কমার্স সপ্তাহ’র আহ্বায়ক ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান জানিয়েছেন, ই-কমার্স সপ্তাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে, জনসাধারণকে অনলাইনে কেনাকাটা করার ব্যাপারে উত্সাহিত করা, ই-কমার্স কার্যক্রমে ব্যবসায়ীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা এবং ই-কমার্স বাস্তবায়নে বিদ্যমান সমস্যা মোকাবিলায় নীতি নির্ধারক মহলে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা। সম্মেলনে জানানো হয়, ই-কমার্স সপ্তাহ উপলক্ষে একাধিক গোলটেবিল বৈঠক, টেকনিক্যাল সেমিনার, বসুন্ধরা সিটি শপিং মল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। এ আয়োজন বিষয়ে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ই-কমার্স কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছে। ই-কমার্স সপ্তাহ আয়োজনের মধ্য দিয়ে আপামর জনসাধারণের দোরগোড়ায় বিভিন্ন পণ্য ও সেবা পৌঁছে দেয়ার একটি সুযোগ তৈরি হবে। যার একটি ইতিবাচক প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়বে বলে আমরা আশা করছি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করেছে। শুরুতে মাত্র তিনটি ব্যাংক দিয়ে শুরু করলেও আগামী ১ মাসের মধ্যে সবগুলো ব্যাংক এ পেমেন্ট সুইচের আওতায় চলে আসবে। ফলে যেকোনো ব্যাংকের গ্রাহক সহজে যেকোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন এবং সহজে পেমেন্ট করতে পারবেন। এর ফলে এখন একটি এটিএম বুথ সবাই শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ফলে ব্যাংক অবকাঠামোগত খরচ কমে আসবে, যার সুফল পাবেন গ্রাহকরা। নাজনীন সুলতানা আরও জানিয়েছেন, পেপল সেবা বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বেসিস ও পেপল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে যাচ্ছে। শিগগিরই পেপল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে।সপ্তাহব্যাপী আয়োজিত ই-কমার্স উইকে সেমিনার এবং গোলটেবিলের মধ্যে উদ্বোধনী দিন ৫ জানুয়ারি সকাল ১১টায় বেসিস মিলনায়তনে থাকছে ই-কমার্স বিষয়ক টেকনিক্যাল কনফারেন্স (রুবি অন রেইলস) শীর্ষক সেমিনার।বিস্তারিত জানা যাবে www.basis.org.bd ঠিকানায়।