শুরু হচ্ছে ‘ই ৩’
বিশ্বের বৃহত্তম গেম মেলা ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ ২০১২ বা ‘ই ৩’ এ মাসের ৫ থেকে ৭ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শহরে শুরু হচ্ছে।তিন দিনব্যাপী এ মেলায় গেম-নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পণ্য ও গেম তৈরির ঘোষণা দেবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, গেম-নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ-বিষয়ক বিভিন্ন প্রযুক্তির ঘোষণা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।এবারের মেলায় গেম সংশ্লিষ্ট ৪৭ হাজার অংশগ্রহণকারী আসতে পারেন। এছাড়া এ মেলায় ২০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রদর্শন করার সম্ভাবনা রয়েছে বলেও ই ৩-এর ওয়েবসাইটে জানানো হয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবারের ‘ই ৩’ মেলায় নিনটেনডো, মাইক্রোসফট ও সনি বড় ধরনের চমক দিতে পারে। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ‘ই ৩’ অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার মাধ্যমে গেম-বিষয়ক খুঁটিনাটি সব তথ্যই জানতে পারেন গেমভক্তরা। মেলা উপলক্ষে হ্যালো ৪, হিটম্যান, টুম্ব রাইডার ভিডিও গেমগুলো ছাড়া হতে পারে।