শুরু হচ্ছে 'এসিএম-আইসিপিসি ২০১৪'

আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘এসিএম-আইসিপিসি ২০১৪’ অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ডিসেম্বর। এবার এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিইউবিটি।
অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য মো. আবু সালেহ বলেন, দেশে এ ধরনের আয়োজনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী প্রোগ্রামিং শেখার আগ্রহকে আরও বাড়িয়ে দেওয়া। শিক্ষার্থীদের বিশ্বমানের প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। এবারের আয়োজনে দেশি ও বিদেশি মোট ৫৯টি প্রতিষ্ঠানের ১৩৫টি দল অংশ নেবে। তাইওয়ান ও ইরানের প্রোগ্রামিং দলও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
আয়োজকেরা জানিয়েছেন, আইসিপিসি ২০১৪ (ঢাকা অঞ্চল) এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল এতে অংশগ্রহণ করছে। এসিএম-আইসিপিসি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে বিজয়ী দল মূল পর্ব ‘ওয়ার্ল্ড ফাইনালে’ অংশগ্রহণ করার সুযোগ পায়।
এবারের আসরের বিজয়ী দল ২০১৫ সালে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের হয়ে সমগ্র বিশ্বের প্রোগ্রামারদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিজয়ী তিনটি দল পাবে বিশেষ পুরস্কার। এ ছাড়াও শীর্ষ ১০ টি দলকেও অর্থ পুরস্কার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইইসিএস বিভাগের অধ্যাপক আবুল এল হক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার অধ্যাপক এনায়েত হোসেন মিঞা, বিইউবিটির ফ্যাকাল্টি অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মমিনুল হক, বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. রাইসুল আলমসহ অনেকে।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bubt-cse.edu.bd সাইট থেকে।