শুরু হচ্ছে 'সিটিআইটি ২০১৪'

দেশের অন্যতম কম্পিউটার বাজার ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সর্ববৃহত্ একক কম্পিউটার প্রদর্শনী ‘সিটিআইটি ২০১৪’। প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত।
আজ ২৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার আহবায়ক এএনএম কামরুজ্জামান। কামরুজ্জামান জানান, বিসিএস কম্পিউটার সিটির এবারের মেলার স্লোগান হচ্ছে ‘বিশ্বকাপের মেলা, প্রযুক্তির মেলা’।
২৬ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।
অন্যান্যবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে থাকছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, নানা রকম তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের প্রদর্শনী ও প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন।
বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
সিটিআইটির প্রবেশমূল্য হবে ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় সব প্রযুক্তিপণ্যের পুরস্কার।