শুরু হয়েছে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজের প্রি-বুকিং

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি ফোনের আগাম ফরমায়েশ নেওয়া (প্রি-বুকিং) শুরু করেছে স্যামসাং।
স্যামসাং কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৬ এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ৬ এজের দাম হবে ৭৯ হাজার ৯০০ টাকা। প্রি-বুকিং দিতে গ্রাহককে ১০ হাজার টাকা জমা দিতে হবে।
স্মার্টফোন দুটি হোয়াইট পার্ল, ব্ল্যাক স্যাফায়ার এবং গোল্ড প্লাটিনাম রঙে পাওয়া যাবে। প্রি-বুকিং দেওয়া গ্রাহকেরা বিনা মূল্যে পাবেন ফ্রি ওয়্যারলেস চার্জার। এ ছাড়া ইএমআই সুবিধাও পাওয়া যাবে।
স্মার্টফোন দুটি দেশের মোবাইল অপারেটরদের মাধ্যমে বিশেষ অফারে বিক্রি করছে স্যামসাং। গ্রামীণফোন গ্রাহকেরা এই ফ্ল্যাগশিপ ফোন দুটির একটি প্রি-বুকিং করলে পাচ্ছেন একটি ক্লিয়ার ব্যাক কভার এবং গ্রামীণফোনের বিশেষ অফার। রবি ও বাংলালিংক গ্রাহকেরা প্রি-বুকিং পাচ্ছেন এই দুটি অপারেটরের প্যাকেজ এবং বিশেষ অফার। স্যামসাং ক্যাফে বা স্যামসাং মোবাইল বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ স্মার্টফোন দুটি উন্মুক্ত করে স্যামসাং।
এর আগে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্যালাক্সি সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন এপ্রিল মাস থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ নামে যে স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে তা এপ্রিল মাস থেকে বিশ্বের ২০টি দেশের বাজারে বিক্রি শুরু হবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের নতুন এই দুটি মডেলের স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই।
নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির হবে। এই স্মার্টফোনে ডিডিআর ৩ র্যামের পরিবর্তে ডিডিআর ৪ র্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। এ ছাড়াও দুটি মডেলের স্মার্টফোনে দ্রুতগতির ফ্ল্যাশ স্টোরেজ সুবিধা যুক্ত হয়েছে। মাইক্রোএসডি স্টোরেজ সুবিধা ছাড়া এই ফোন ৩২,৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধার মডেলে পাওয়া যাবে।
স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন দুটি মডেলে মাত্র ১০ মিনিটে চার্জ দিয়ে চার ঘণ্টা চালানো যাবে। অবশ্য, স্যামসাং তাদের এই দুটি মডেলের স্মার্টফোনে ব্যাটারি পরিবর্তন করার কোনো সুযোগ রাখেনি।