শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির ১৭তম আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান চলছে, তবে ককপিটে পাইলট নেই, ব্যাপারটা কেমন? অটো-পাইলটও কিন্তু চালু নেই। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ম্যাথিউ টার্ক এমনটাই শোনালেন। যদিও তিনি দুর্ঘটনার কথা মাথায় রেখে গবেষণা করেছেন, তবে ভবিষ্যতে তো এমনটা হতেই পারে। ঘরে বসেই ককপিটের সম্পূর্ণ ত্রিমাত্রিক (থ্রিডি) আবহ পাওয়া যাবে। আপনি যা নির্দেশ দেবেন, বিমানও চলবে সেই অনুসারে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিসিআইটি ২০১৪’-এর প্রধান বক্তা হিসেবে তাঁর গবেষণা এভাবেই উপস্থাপন করলেন। ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে গতকাল সোমবার শুরু হয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক এই সম্মেলনের ১৭তম আয়োজন। দুই দিনের সম্মেলন শেষ হবে আজ মঙ্গলবার। এবারের সম্মেলনে ২৮টি দেশ থেকে ৩৬৭টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্য থেকে নয়টি দেশের মোট ১০০টি গবেষণাপত্র আইসিসিআইটি ২০১৪-তে মৌখিক উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। বাংলাদেশ থেকে ৮৫টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে বলে জানা যায়।

সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, ‘যাঁদের গবেষণা বাস্তব সমস্যার সমাধান করবে, তাঁরা দুই থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অনুদান চেয়ে সরকারের উদ্ভাবনী তহবিলে আবেদন করতে পারবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডিআইইউয়ে প্রথম ইনকিউবেশন সেন্টার করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান সবুর খান। তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার, ডিআইইউয়ের উপাচার্য এম লুৎফর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপউপাচার্য চৌধুরী মফিজুর রহমান, ডিআইইউয়ের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেনসহ অনেকে।
গতকাল ডিআইইউ প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ল অদ্ভুতদর্শন এক গাড়ি। জানা গেল, ডিআইইউর কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থীরা এটা তৈরি করেছেন। সৌরবিদ্যুতে চলা পরিবেশবান্ধব গাড়িটির পূর্ণ রূপ এখনো তৈরি হয়নি, তবে আইসিসিআইটির জন্য দ্রুত কাজ সম্পন্ন করেছেন তাঁরা। তাঁদের এই ধারণাটি ভারতের দিল্লিতে ‘ইলেকট্রিক সোলার ভেহিকল চ্যাম্পিয়নশিপ ২০১৪-১৫’-এর উপস্থাপন করা হয়।
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইকুহিসা মিতসুগামির সঙ্গে কথা বলে জানা গেল, তিনিও ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সহজ ভাষায় বলতে গেলে, চকচকে বস্তুর ত্রিমাত্রিক ছবি আরও নিখুঁতভাবে কম্পিউটারে পাওয়ার বিষয়ে তিনি গবেষণা করছেন। আইসিটি বিভাগের সহযোগিতায় ও ইনস্টিটিউট অব ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) কারিগরি সহ-পৃষ্ঠপোষকতায় সম্মেলনটির আয়োজন করা হয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড। —মেহেদী হাসান