শুরু হয়েছে ‘কিউবি ল্যাপটপ মেলা’
ঢাকায় জাতীয় সামরিক জাদুঘরে আজ সকাল থেকে শুরু হয়েছে ‘কিউবি ল্যাপটপ মেলা’। মেলা শুরুর দিন থেকেই বাড়ছে আগ্রহী দর্শকদের ভিড়। চার দিনের এ মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ও নানা সুবিধায় পণ্য কেনার সুযোগ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা।আয়োজকেরা জানিয়েছেন, সকালে মেলা শুরু হলেও বিকেল চারটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।মেলার প্রবেশমূল্য ২০ টাকা। বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে হলে মেলা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। ফ্রি অ্যাকাউন্ট খুলতে সঙ্গে আনতে হবে পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি আর মুঠোফোন নম্বর।‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে অনুষ্ঠিত ‘কিউবি ল্যাপটপ মেলা-২০১৩’-এর আয়োজক এক্সপো মেকার। কিউবি ল্যাপটপ মেলা-২০১৩ হচ্ছে এক্সপো মেকার আয়োজিত দ্বাদশ ল্যাপটপ মেলা। মেলার আয়োজকেরা প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বিশাল এলাকাজুড়ে এবারের মেলার আয়োজন করা হয়েছে। মেলার সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই ৫৭টি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে। শুরু থেকেই বাড়ছে দর্শক। মেলায় কিউবি, এসার, আসুস, এইচপি, ইনটেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও অ্যান্টিভাইরাস পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন রয়েছে। নতুন পণ্যের প্রদর্শনী, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য অনেক উপহার ও গেম জোন রয়েছে।