শুরু হলো ইউরি গ্যাগারিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশে প্রথম ব্যক্তি হিসেবে ইউরি গ্যাগারিনের পদচারণার ৫৫ বছর উদ্যাপন উপলক্ষে রাজধানীর রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘গ্যাগরিন ফেস্ট ২০১৬’।
এ আয়োজনের মধ্যে রয়েছে ইউরি গ্যাগারিনের ছবি প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মডেল রকেট তৈরির প্রতিযোগিতা এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে কর্মশালা। গ্যাগারিন ফেস্টের আয়োজক রুশ দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
গ্যাগারিন ফেস্ট উপলক্ষে ১১ এপ্রিল রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রের পরিচালক আলেক্সান্দর পেত্রোভিচ দিওমিন বলেন, প্রথম মানব হিসেবে ইউরি গ্যাগারিনের মহাকাশে যাওয়ার ঘটনা মহাকাশ বিজ্ঞানকে বহু দূর এগিয়ে নিয়েছিল এবং রাশিয়াকে মহাকাশ গবেষণায় শক্তিশালী ভূমিকা নিতে সহায়তা করেছিল। এ উৎসবে ইউরি গ্যাগারিনের সেই ঐতিহাসিক মহাকাশ যাত্রা বিষয়ে নানান কর্মকাণ্ড থাকছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন বলেন, এ ধরনের আয়োজন দেশের স্কুল-কলেজ শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহী করে তুলবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ছবি প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। এদিকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে কর্মশালা চলবে ১৬ জুন পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রকেট মডেল মেকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৫ মে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।