৮ মার্চ থেকে শুরু হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রথম আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতার প্রথম আঞ্চলিক পর্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১ হাজার ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। খবর বিজ্ঞপ্তির।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ। এ সময় তিনি বলেন, হাইস্কুলের শিক্ষার্থীদের কাছে প্রোগ্রামিংকে জনপ্রিয় করার এমন উদ্যোগের কারণে অনেক শিক্ষার্থীই কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ আজিজুর রহমান এবং রবির মার্কেট অপারেশন বিভাগের এরিয়া ম্যানেজার মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহফুজুর রহমান।
প্রোগ্রামিং প্রতিযোগিতা শেষে চলে প্রশ্নোত্তর ও আলোচনা পর্ব। প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই বিভাগে ২০ জন এবং কুইজে তিন বিভাগে ৬০ জন পুরস্কার পেয়েছে।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিস্তারিত: ww.nhspc.org।