শুরু হলো ফায়ারফক্সের জন্য অ্যাপ তৈরির প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্মাতাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে মজিলা ফাউন্ডেশন। প্রতিযোগীদের স্মার্টফোনের ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ তৈরি করতে হবে। এই আয়োজনে মজিলার সঙ্গে আছে গ্রামীণফোন, টেলিনর ডিজিটাল ও এমসিসি লিমিটেড। গতকাল বুধবার রাজধানী বিশ্বসাহিত্য কেন্দ্রের চলচ্চিত্র মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। সেবা, বিনোদন, গেমস, সংবাদ ও গণমাধ্যম এবং টুলস ও ইউটিলিটি—এই পাঁচটি বিভাগে অ্যাপ তৈরি করে জমা দেওয়া যাবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশনের প্রধান তালাত কামাল বলেন, ‘মুঠোফোন এখন আর কথা বলাতেই সীমাবদ্ধ নেই। স্মার্টফোনের মাধ্যমে এখন সব ধরনের কাজই করা যাচ্ছে এক জায়গায় বসে। আশা করছি, এ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের অ্যাপ নির্মাতারা মুঠোফোনে ব্যবহৃত আরও নতুন ও সহজ সেবার অ্যাপ তৈরিতে উৎসাহিত হবে।’
বাংলাদেশি যেকোনো অ্যাপ নির্মাতা একক ও দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নিবন্ধন ও অ্যাপ জমা দিতে হবে এই ঠিকানায় www.firefoxappchallenge.com । প্রতিযোগিতায় জমা পড়া অ্যাপের ধারণাপত্র থেকে বাছাই করা ১০০ প্রতিযোগীকে দেওয়া হবে দুই দিনের একটি বিশেষ প্রশিক্ষণ। এরপর একজন করে মেন্টর নিয়ে প্রতিযোগীরা নিজেদের ধারণাকে আরও ঝালাই করে নিতে পারবেন। ৪ ডিসেম্বর মধ্যে প্রতিযোগীদের চূড়ান্ত অ্যাপ জমা দিতে হবে। সম্মেলনে এমসিসি লিমিটেডের উপপরিচালক মোস্তফা জাকি হায়দার বক্তৃতা করেন।
চূড়ান্ত প্রতিযোগিতা হবে আগামী ১৪ ডিসেম্বর। পাঁচটি বিভাগ থেকে দুটি করে মোট ১০টি অ্যাপ শীর্ষ দশে অ্যাপের তালিকায় থাকবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তিন হাজার ডলার ও দ্বিতীয় পুরস্কার এক হাজার ৫০০ ডলার। সেরা অ্যাপের জন্য পুরস্কার হিসেবে থাকবে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মজিলার প্রধান কার্যালয় পরিদর্শনের সুযোগ।